হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

দুর্যোগে ত্রাণ পৌঁছাতে তেজগাঁও বিমানবন্দরে হবে লজিস্টিক হাব

গাজী শাহনেওয়াজ

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর বা আশপাশের এলাকায় মানবিক সহায়তা কেন্দ্র (এইচএসএ) বা বিশেষায়িত ওয়্যারহাউস স্থাপন করবে সরকার। ভূমিকম্পসহ সব ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পর দেশি-বিদেশি ত্রাণ সহায়তা দ্রুত গ্রহণ, সংরক্ষণ ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর জন্য ইতোমধ্যে জমি খুঁজে পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ লক্ষে ওই এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। একইভাবে বিশেষ লজিস্টিক হাবটির নির্মাণ ও বাস্তবায়নের জন্য গৃহায়ন ও গণপূর্ত সচিবকে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র তথ্যটি নিশ্চিত করে।

তথ্যমতে, গত ২২ জুন এ সংক্রান্ত একটি নথিতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (দুর্যোগ-৩) মো. হানিফ সিকদার।

এ বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান আমার দেশকে বলেন, রাজধানীসহ সারা দেশে আকস্মিক কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ পৌঁছাতে কার্যকর কোনো ওয়্যারহাউজ নেই। সরকার চাইছে বিমানবন্দরসংলগ্ন সুবিধা স্থানে একটি লজিস্টিক হাব স্থাপিত হোক।

তিনি বলেন, হঠাৎ বিপর্যয়ে রেড ক্রিসেন্টসহ বিভিন্ন দেশ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা আসে। সেগুলোর কারণেই ত্রাণ বিতরণ কার্যক্রমকে সহজভাবে ক্ষতিগ্রস্ত মানুষ ও দুর্যোগপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছানো এবং সংরক্ষণের জন্য এইচএসএ হাব স্থাপন জরুরি। এর জন্য তিনটি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তাদের সহায়তা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

নথির তথ্য অনুযায়ী, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার পর দেশি-বিদেশি ও স্থানীয় সাহায্যকারী সংস্থাগুলোর ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল দ্রুত পৌঁছানোর জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয়। এইচএসএ ওয়্যারহাউজ মূলত দুর্যোগকবলিত এলাকার জন্য ত্রাণসামগ্রী গ্রহণ, মজুত এবং বিতরণের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করার একটি বিশেষায়িত লজিস্টিক হাব বা উন্মুক্ত স্থান। এই সংকট মোকাবিলায় সরকার এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা যৌথভাবে কাজ করে থাকে।

ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্যোগের পর প্রথম ২৪ থেকে ৭২ ঘণ্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ের মধ্যে ওষুধ, খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জীবনরক্ষাকারী সামগ্রী দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এই স্টেজিং এরিয়া স্থাপিত হলে দেশি-বিদেশি সংস্থাগুলোর সাহায্য সংরক্ষণ, প্যাকেজিং ও সমন্বয় সহজ হবে।

এরপর স্থানীয় ছোট বিমান, হেলিকপ্টার বা অন্যান্য পরিবহনের মাধ্যমে তা সরাসরি দুর্যোগাক্রান্ত এলাকায় পাঠানো সহজ হয়। এর ফলে ট্রাফিক জ্যাম ও নানাবিধ জটিলতা এড়িয়ে জীবনরক্ষাকারী সামগ্রী (ওষুধ, খাবার, পানি) দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

সূত্রমতে, সার্বিক দিক বিবেচনা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকাটিতে এই হাব স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছে। এখন সিদ্ধান্তের বিষয়।

কারণ হিসেবে জানা গেছে, এই জায়গাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এবং এর একটি নিজস্ব কৌশলগত সুবিধা রয়েছে। কারণ এখানে লজিস্টিক হাবটি করা হলে দুর্যোগকালীন ব্যবস্থাপনা অনেক গতিশীল হবে। তবে পুরাতন বিমানবন্দরের এই জায়গাটি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন। এছাড়া এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও সম্পৃক্ততা রয়েছে। তাই ওই মন্ত্রণালয় দুটিকে চিঠি দেওয়ার পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে যে কোনো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা এবং আন্তর্জাতিক ত্রাণ ব্যবস্থাপনার গতি বহুগুণ বৃদ্ধি পাবে। ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ঘটনায় আহতদের প্রাণ রক্ষায় ওই হাবটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

কেঁদে কেঁদে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্নার

ধর্ষণের ঘটনা বারবার বলতে হয় ভিকটিমদের

বাবা-মা খুনে দণ্ডিত ঐশী এখন কারাগারের লাইব্রেরিয়ান

ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাট, বন্ধ দুর্নীতির তদন্ত

গাছের আড়ালে ঢাকা পড়েছে ইসির আড়াই কোটি টাকার সিসিটিভি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন, দেশে সুফল মিলবে কবে

দালাল-সিন্ডিকেটের দখলে মিটফোর্ড হাসপাতাল

অন্তহীন ভোগান্তিতে চিকিৎসাসেবা ম্লান ঢামেক হাসপাতালে

বিনিয়োগ সহযোগিতাসহ ১৩ সমঝোতা স্মারক সই

ভিআইপিদের নিরাপত্তা দিলেও কষ্টের জীবন পুলিশের