রংপুর বিভাগের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নানা সংকটে কার্যত বিপর্যস্ত। এক হাজার শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক ও নার্সের তীব্র সংকট, রোগ নির্ণয় যন্ত্রের অচলাবস্থা এবং তদারকির অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের রোগ নির্ণয় ও পরীক্ষার জন্য থাকা নতুন-পুরোনো যন্ত্রপাতির প্রায় ৯০ শতাংশই অচল। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের দৌরাত্ম্য, কর্তৃপক্ষের গাফিলতি ও কার্যকর তদারকির অভাবে এসব মেশিন সচল করা হচ্ছে না। ফলে রোগীদের বাধ্য হয়ে বাইরে পরীক্ষা করাতে হচ্ছে।
সরেজমিনে কথা হয় ঠাকুরগাঁও থেকে চিকিৎসা নিতে আসা আব্দুল আজিজ এবং লালমনিরহাটের মকলেছ মিয়ার সঙ্গে। তারা বলেন, বড় হাসপাতালে রোগীর চাপ থাকবে, সেটি স্বাভাবিক। কিন্তু এখানে চিকিৎসক ও নার্সের সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না।
রমেক হাসপাতালতাদের ভাষ্য, চিকিৎসকরা ওষুধ লিখে দিলেও অধিকাংশই বাইরে থেকে কিনতে হয়। হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় প্রায় সব পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে করতে বাধ্য হন রোগীরা। এতে চিকিৎসা ব্যয় বেড়ে যায়, ভোগান্তিও দীর্ঘ।
রোগীদের অভিযোগ, হাসপাতালের ভেতর ও আশপাশের দেয়ালে বিভিন্ন বেসরকারি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের নাম, ঠিকানা ও ফোন নম্বর টানানো থাকে।
অনেক সময় চিকিৎসক ও সেবিকারাও নির্দিষ্ট ক্লিনিক বা ল্যাবের ঠিকানা দেন। সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে আবার হাসপাতালে ফিরতে হয়।
ভুক্তভোগীরা আরো বলেন, হাসপাতালজুড়ে এখনো দালালচক্রের দৌরাত্ম্য রয়েছে। তাদের খপ্পরে পড়ে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বাইরের ল্যাবে ব্যয়বহুল পরীক্ষা করানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থের অভাবে অনেকেই দিনের পর দিন হাসপাতালে পড়ে থাকেন।
হাসপাতালের একটি সূত্র জানায়, নিবিড় পরিচর্যার জন্য বর্তমানে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১০টি। সেখানে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। প্রতিদিন আইসিইউর চাহিদা থাকলেও সীমিত শয্যা ও জনবলের কারণে বহু রোগী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সূত্রটি আরো জানায়, এত বড় মেডিকেল কলেজ হাসপাতালে ২৬টি এক্স-রে মেশিন থাকলেও এর মধ্যে ২৪টিই দীর্ঘদিন ধরে অকেজো। মাত্র দুটি মেশিন দিয়ে বিপুলসংখ্যক রোগীর পরীক্ষা চালানো হচ্ছে। অচল যন্ত্রপাতি সচলের কার্যকর উদ্যোগ না থাকায় সংকট আরো গভীর হচ্ছে।
সিটি স্ক্যান করার জন্য তিনটি মেশিন রয়েছে। এর মধ্যে দুটিই অচল হয়ে পড়ে রয়েছে। এমআরআই করার জন্য তিনটি মেশিনের মধ্যে দুটিই অচল। আলট্রাসনোগ্রাম করার জন্য ১৩টির মধ্যে ১০টি অচল। সংকট সমাধানে ডায়ালাইসিস করার জন্য চলতি বছরের জুনে ২৬টি নতুন মেশিন দিয়েছে সরকার।
ডায়ালাইসিসের পানি পরিশোধন ব্যবস্থার তিনটি মেশিন ছিল। এর মধ্যে দুটি অচল। একটি মেশিন দিয়ে ডায়ালাইসিসের পানি পরিশোধন করা কঠিন হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক আমার দেশকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য উন্নতমানের অনেক যন্ত্রপাতি রয়েছে। কিন্তু প্রভাবশালী একটি সিন্ডিকেট সচল মেশিনকেও অচল দেখিয়ে রোগীদের নিজেদের নিয়ন্ত্রিত ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে পাঠিয়ে পরীক্ষা করাচ্ছে।
তাদের দাবি, সরকার নিরপেক্ষ তদন্ত করলেই এই সিন্ডিকেটের অস্তিত্ব বেরিয়ে আসবে। সিন্ডিকেট ভেঙে হাসপাতালের যন্ত্রপাতি সচল করা গেলে প্রতিদিন কয়েক হাজার রোগীর পরীক্ষা হাসপাতালেই করা সম্ভব। উন্নতমানের এসব মেশিন চালু হলে বাইরের মানুষও এখানে পরীক্ষা করাতে আগ্রহী হবেন।
চিকিৎসকদের ভাষ্য, সরকারি অর্থে কেনা আধুনিক যন্ত্রপাতি বছরের পর বছর অচল পড়ে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা। তারা সরকারের কাছে দ্রুত সিন্ডিকেট ভেঙে সব যন্ত্রপাতি সচল করার দাবি জানান, যাতে মানুষ কম খরচে সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পান।
রংপুরের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল বারী আমার দেশকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটি বহু পুরোনো ও রোগীদের আস্থার প্রতিষ্ঠান। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলো অকেজো পড়ে থাকায় রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসক, নার্স ও দক্ষ টেকনিশিয়ানের সংকট রয়েছে। এসব সমস্যা সমাধান হলে রোগীদের আর বেসরকারি ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর অতিরিক্ত নির্ভর করতে হবে না।
ডা. আব্দুল বারীর দাবি, হাসপাতালকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে পারলেই চিত্র বদলে যাবে। কারণ প্রয়োজনীয় রোগ নির্ণয়ের প্রায় সব যন্ত্রপাতিই হাসপাতালে রয়েছে। সেগুলো সচল হলে খেটে খাওয়া ও দরিদ্র মানুষ স্বল্প খরচে সরকারি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান বলেন, হাসপাতালে ১০০০ রোগীর জন্য শয্যা রয়েছে। সেখানে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজারের মতো রোগী সেবা নিতে আসেন। হাসপাতালে চিকিৎসক, নার্স ও অভিজ্ঞ টেকনিশিয়ান সংকট রয়েছে। এছাড়া রোগ নির্ণয়ের অনেক মেশিন ও যন্ত্রপাতি সচল করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য ও রংপুর-৩ আসনের এমপি অধ্যাপক মাহবুবুব রহমান বেলাল আমার দেশকে বলেন, পরিচালনা পরিষদের সদস্য হলেও অনেক বিষয় গণমাধ্যমের মাধ্যমে জানতে হয়। হাসপাতালের আগের সমস্যাগুলো সমাধানে বর্তমান কমিটি কাজ করছে।
তিনি বলেন, এর পরও কোথায় কী সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করতে আমাদের লোকজন কাজ করছেন। প্রকৃত চিত্র বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।