হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

অকেজো রাডারসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে আবহাওয়া দপ্তর

সরদার আনিছ

আমার দেশ গ্রাফিক্স

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে দুর্যোগের আগাম সতর্কবার্তা দিয়ে মানুষের জীবন-সম্পদ রক্ষার মূল দায়িত্বে থাকা আবহাওয়া অধিদপ্তর নিজেই এখন গভীর সংকটে। জনবল সংকট, দীর্ঘদিনের পদোন্নতিজট এবং পুরোনো প্রযুক্তির কারণে প্রতিষ্ঠানটি প্রায় অচল অবস্থায় পৌঁছেছে, যার প্রভাব পড়ছে আবহাওয়ার সঠিক পূর্বাভাস প্রদানেও। এরই মধ্যে যোগ হয়েছে নতুন বাজেটে বরাদ্দ কমানোর অনুষঙ্গ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিদপ্তরের অনুমোদিত নতুন অর্গানোগ্রামের ১,৩৩৮টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫৫৭ জন; ৮০০’র বেশি পদ শূন্য। দেশজুড়ে আটটি বিভাগীয় অফিসের অধীন ৬১টি আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে, যেখানে প্রতিটিতে প্রহরীসহ কমপক্ষে ১১ জন লোকবল থাকার কথা। বাস্তবে ২৪টি কেন্দ্র চলছে মাত্র এক থেকে তিনজন দিয়ে। কক্সবাজারের সেন্টমার্টিন, খাগড়াছড়ির দীঘিনালা ও মৌলভীবাজার রাডার স্টেশনে আছেন মাত্র একজন করে। তেঁতুলিয়া, কুমারখালী, হিজলা, মনপুরা, আশুগঞ্জ, কুমিল্লা, সীতাকুণ্ড, সন্দ্বীপ, কুতুবদিয়া, আমবাগান ও বান্দরবানে আছেন দুজন করে আর কাউখালী, মাদারীপুর, আরিচা, শ্রীমঙ্গল, হাতিয়া, রাঙামাটি ও টেকনাফে আছেন তিনজন করে। ২৪ ঘণ্টা চলা এসব কেন্দ্রে পাঁচটি রোস্টারে তিন শিফটে ন্যূনতম ১০ জন প্রয়োজন হলেও বাস্তবে জনবল তার ধারেকাছেও নেই।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, নিখুঁত পর্যবেক্ষণের জন্য যথেষ্ট জনবল নেই। বর্তমান অভিজ্ঞদের চাকরি শেষ হলে অধিদপ্তরের কার্যক্রম গভীর সংকটে পড়বে।

অপর সিনিয়র কর্মকর্তা বলেন, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) আর্লি ওয়ার্নিংকে খাদ্য, বস্ত্র, চিকিৎসার মতোই মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ পর্যাপ্ত জনবলের অভাবে সঠিক তথ্য সরবরাহই কঠিন হয়ে পড়ছে।

অধিদপ্তরের পরিচালক পদসহ চট্টগ্রামের আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র, প্রশাসনিক বিভাগ, আন্তর্জাতিক মহাশাখা, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আবহাওয়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও জলবায়ু মহাশাখাসহ শীর্ষ সাতটি বিভাগ চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। দেশের ৪৩টি কেন্দ্রসহ মোট ৫০টি পদই ভারপ্রাপ্তদের দিয়ে পরিচালিত হচ্ছে, যার মধ্যে দুটি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, সাতটি পাইলট বেলুন পর্যবেক্ষণাগার, পাঁচটি বিমানবন্দর আবহাওয়া কার্যালয় ও তিনটি রাডার স্টেশনে নেই কোনো স্থায়ী কর্মকর্তা।

২০১৩ সাল থেকে অধিদপ্তরে সব ধরনের নিয়োগ ও পদোন্নতি বন্ধ। সামরিক শাসনামলে জারি হওয়া অধ্যাদেশ বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বাতিল করলেও অন্য প্রতিষ্ঠানের অধ্যাদেশ পরে সচল হলেও আবহাওয়া অধিদপ্তরেরটি আর চালু হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ২০০৪ সালে চাকরিতে যোগ দেওয়ার ২২ বছর পার হলেও তিনি কোনো পদোন্নতি পাননি। যদিও সাধারণত চার-পাঁচ বছরের মধ্যে পদোন্নতি হওয়ার কথা। এক শ্রমিক নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, পদোন্নতি ছাড়া শুধু নিয়োগ দেওয়া হলে তারা আন্দোলনে নামবেন।

অচলাবস্থার মূলে রয়েছে শীর্ষপদ, অর্থাৎ মহাপরিচালক (ডিজি) পদ। দেশের অন্য সব অধিদপ্তরের প্রধান ডিজি হলেও আবহাওয়া অধিদপ্তরের প্রধান এখনো পরিচালক পদমর্যাদার। এই কারিগরি পদটিও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পূরণের চেষ্টা চলছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

সাবেক পরিচালকদের একজন জানান, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কারিগরি কর্মকর্তাদের মধ্য থেকে ডিজি নিয়োগের প্রস্তাব তৈরি করলেও আমলাতান্ত্রিক বাধায় তা কার্যকর হয়নি। তার মতে, বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩ সদস্য রাষ্ট্রের কোথাও প্রশাসনিক কর্মকর্তাকে আবহাওয়া অধিদপ্তরের প্রধান করার নজির নেই।

অপর একজন সাবেক পরিচালকের মতে, ডব্লিউএমওর নিয়মে ডিজি হতে হলে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা লাগে এবং বার্ষিক সম্মেলনে কারিগরি বিষয়ে উপস্থাপনা দিতে হয়, যা একজন প্রশাসনিক কর্মকর্তার পক্ষে সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আমলাদের ডিজি করা হলে প্রতিষ্ঠানটির পরিণতি স্পারসোর মতো হতে পারে। বিপুল অর্থের প্রকল্প হলেও বাস্তব কাজের অগ্রগতি কিছুই হবে না।

বিভিন্ন সংকটে থাকা সত্ত্বেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অধিদপ্তরের জন্য বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থবছরে বরাদ্দ ছিল ১০৯ কোটি ১৯ লাখ টাকা, যা চলতি অর্থবছরে কমিয়ে ৯৯ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা কম।

আবহাওয়ার পূর্বাভাসের অন্যতম প্রধান হাতিয়ার রাডার ব্যবস্থায়ও একই সংকট। রক্ষণাবেক্ষণের অভাব ও পুরোনো প্রযুক্তির কারণে দেশের গুরুত্বপূর্ণ তিনটি রাডার ইতোমধ্যে চিরতরে অকেজো হয়ে পড়েছে এবং মেরামতের অনুপযোগী হওয়ায় নতুন রাডার স্থাপন ছাড়া উপায় নেই। ফলে হঠাৎ সৃষ্ট কালবৈশাখী, ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টির মেঘমালার গতিপ্রকৃতি নিখুঁতভাবে বোঝা এখন বড় চ্যালেঞ্জ।

এসব বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মমিনুল ইসলাম আমার দেশকে বলেন, বিগত সরকারের আমলে অধ্যাদেশ বাতিল করার কারণেই সব জটিলতার সৃষ্টি হয়েছিল। এখন নতুন অর্গানোগ্রাম ও নতুন নীতিমালা অনুমোদন হয়ে গেছে। আমরা আশা করছি খুব দ্রুত সব সমস্যার সমাধান হবে। তিনি জানান, নতুন অর্গানোগ্রামে ১,৩৩৮ লোকবলের পদ রয়েছে। তবে বর্তমানে কর্মরত মাত্র ৫৫৭ জন। অচিরেই পদোন্নতি ও নতুন নিয়োগ প্রক্রিয়া চালু হবে বলে আশা করছি।

রাডারের বিষয়ে তিনি বলেন, ঢাকা ও রংপুরের রাডার সচল রয়েছে। বাকি তিনটি রাডার জাইকা প্রকল্পের ১৫ বছরের পুরোনো। ফলে সেগুলো অকেজো হয়ে পড়েছে। আমরা তা পুনঃস্থাপনের জন্য লিখেছি। আশা করি এরও একটা সমাধান হবে।

তিনি বলেন, তিনটি রাডার অকেজো থাকলেও আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণের ক্ষেত্রে আগের তুলনায় অনেক উন্নয়ন হয়েছে।

এসব বিষয়ে গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার দপ্তরের নম্বরে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি মিটিংয়ে আছেন। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে গত ১৯ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তর পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, নির্ভুল পূর্বাভাস মানুষের জীবন রক্ষা, কৃষি, নৌ নিরাপত্তা ও অর্থনীতি সুরক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং অধিদপ্তরকে আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে হবে। তিনি আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা, ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রপাতি ও মোবাইলভিত্তিক সতর্কবার্তা সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনাও দেন।

সব মিলিয়ে জনবল সংকট, ১২ বছরের পদোন্নতিজট, ডিজি পদ নিয়ে আমলা-বিশেষজ্ঞ টানাপোড়েন, বাজেট কর্তন ও অকেজো রাডারÑএমন নানামুখী চাপে দেশের দুর্যোগ পূর্বাভাসের প্রধান স্তম্ভ আবহাওয়া অধিদপ্তর কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কাঠামোগত সংস্কার, পর্যাপ্ত বাজেট ও কারিগরি নেতৃত্ব নিশ্চিত না হলে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশকে বড় কোনো দুর্যোগে চরম মূল্য দিতে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সম্পাদনা : কামরুল

সরদার আনিছ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মিরসরাইয়ে পুলিশের ধাওয়ায় গাঁজা-ফেনসিডিল রেখে পালাল মাদককারবারিরা

কেন অল্প বয়সেই মারা যাচ্ছেন বডিবিল্ডারা

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকি বিক্ষোভকারীদের

বিশ্বাস ছিল অস্ট্রেলিয়াকে হারাব: মিরাজ

ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মীদের ঢল

আরো ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া ও উত্তর কোরিয়া, পুতিনের সঙ্গে সম্পর্ক নিয়ে গর্বিত কিম