হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

মার্কিন টার্গেটে ইরানের বিদ্যুৎকেন্দ্র রেল সেতু

মাসুম বিল্লাহ

ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় তেহরানে ধ্বংস হয়ে যাওয়া ভবনের সামনে মঙ্গলবার এক ইরানি নাগরিক। ছবি: দ্য গার্ডিয়ান

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দাবি মানা না হলে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের সবশেষ আলটিমেটামের সময়সীমা শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৬টা)।

দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও রেল অবকাঠামোতে ব্যাপক হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বিশ্ববিদ্যালয়, স্কুল, সেতু, তেল উৎপাদন কারখানা, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেল ও যোগাযোগ অবকাঠামোতেও হামলা হয়েছে। গতকাল ইরানজুড়ে হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

এদিকে, এসব হামলার জবাবে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তেহরান। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র রেডলাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা লক্ষণীয় নয়

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৬টায় ইরানকে দেওয়া ট্রাম্পের সময়সীমা শেষ হবে। তবে এখন পর্যন্ত কূটনৈতিকভাবে সংকট সমাধানের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে পাকিস্তানের নেতৃত্বে কয়েকটি দেশ সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মাধ্যমে পরস্পরের কাছে যুদ্ধ বন্ধে নিজেদের দাবিগুলো জানিয়েছে। প্রথমে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি প্রস্তাব ইরানের কাছে পাঠায়, যা মানতে অস্বীকার করে ইরান গতকাল পাল্টা তাদের ১০ দফা প্রস্তাব জানিয়েছে। আমেরিকা হরমুজ প্রণালি খোলার দাবি জানালেও ইরান বলছে, যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ না হলে তারা হরমুজ খুলবে না। একই সঙ্গে যুদ্ধের পর হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে ইরান, যা মানতে যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। ফলে ট্রাম্পের হুমকি অনুযায়ী ইরানের অবকাঠামো লক্ষ্য করে ইসরাইল-আমেরিকার হামলা এখন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। অন্যদিকে সম্ভাব্য হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার দাবি করেছে ইরান।

খারগ দ্বীপে ফের হামলা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের খারগ দ্বীপে গতকাল মঙ্গলবার আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান তার ৯০ শতাংশ তেল এই দ্বীপ থেকে রপ্তানি করে থাকে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গতকাল ইরানের খারগ দ্বীপে অন্তত ৫০টি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর দ্বীপটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ওই কর্মকর্তা বলেন, এবারের হামলায় দ্বীপের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি। এর আগে গত ১৩ মার্চও খারগ দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংসের হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লেখেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’

তবে তিনি বলেন, আমি চাই না এমনটা ঘটুক কিন্তু সম্ভবত এমনটাই হবে। তবে এখন যেহেতু সম্পূর্ণ ও সর্বাত্মক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, আরো বুদ্ধিমান ও কম উগ্র চিন্তাধারার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো ভালো কিছু ঘটতে পারে। তিনি আরো বলেন, ৪৭ বছরের অবৈধ জুলুম, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটবে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক।

এর আগে, গত রোববার ইরানকে উদ্দেশ করে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে ‘বিদ্যুৎকেন্দ্র দিবস’, ‘সেতু দিবস’। পরদিন সোমবার নির্ধারিত সময়সীমার মধ্যে তেহরান হরমুজ প্রণালি খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে ‘এক রাতেই’ নিশ্চিহ্ন করার হুমকি দেন ট্রাম্প।

ইরানজুড়ে বেসামরিক অবকাঠামোতে হামলা

ইসরাইলের হুমকির পর গতকাল ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর আগে, ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) ইরানের নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল। ইরানের আধাসরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় দুজন নিহত হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরে একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের বেশকিছু সেতু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে সিএনএন জানায়, আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও হামলা হচ্ছে।

এদিকে গতকাল রাতে ইসরাইল দাবি করেছে, তারা ইরানের আটটি সেতুতে হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুঁশিয়ারি আইআরজিসির

এদিকে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ডোনাল্ড ট্রাম্প ইরানি বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলোতে কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানার হুমকির জবাবে দেওয়া বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আক্রমণ করে তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না।

আইআরজিসি বলেছে, তারা আক্রমণ করলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে, সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই।

ট্রাম্পের হুমকির পর সেতুতে পতাকা হাতে ইরানিরা

ইরানের সব সেতু উড়িয়ে দেওয়া হবে—ট্রাম্পের এমন হুমকির প্রতিবাদে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের একটি সেতুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইরানিরা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ সমাবেশের একটি ভিডিও প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি জানায়, আহভাজ শহরের ঐতিহাসিক ‘পোল সেফিদ’বা হোয়াইট ব্রিজে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ যুক্তরাষ্ট্রের

ইরানে পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা নাকোচ করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’—ভ্যান্সের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক প্রতিক্রিয়ায় বলে- ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে এমন কিছুর আভাস নেই।

মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত ইরানের

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল তারা ইরান থেকে ছোড়া ১৮টি ড্রোন ধ্বংস করেছে। বাহরাইনেও সাইরেন বেজে ওঠার পর দেশটির বাসিন্দাদের রাতভর নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে, সোমবার রাতভর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইউএইকে লক্ষ্য করে এখন পর্যন্ত ৫১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুই হাজার ২১০টি ড্রোন ছোড়া হয়েছে। এছাড়া ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে এক দম্পতি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার প্রেসিডেন্ট। কুনা সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় এ হতাহত হয়।

২৪ ঘণ্টায় ইসরাইলের ১৩৩ জন হাসপাতালে

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত সোমবার সকাল ৭টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ও একজনের অবস্থা আশঙ্কাজনক; বাকি ১২৭ জনের চিকিৎসা চলমান রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে এরা আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরাইলের মধ্যাঞ্চলের শহরগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

চুক্তি ভেস্তে দিতে তেহরানে ইসরাইলের হামলা : পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার প্রচেষ্টা নস্যাৎ করার জন্য ইসরাইলকে দায়ী করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, যখন উভয় পক্ষই আলোচনার টেবিলে বসার মতো পর্যায়ে ছিল; ঠিক তখনই তেহরানে হামলা চালিয়ে ইসরাইল পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সিনেটে আইনপ্রণেতাদের ইসহাক দার বলেন, ‘সোমবার রাতের আগ পর্যন্ত আমরা আলোচনা নিয়ে খুবই আশাবাদী ছিলাম। ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে বৈঠকে বসতেও সম্মত হয়েছিল; তবে এখন সবকিছু কঠিন হয়েছে।

এর আগে, পাকিস্তানের দুটি সূত্র রয়টার্সকে জানায়- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমস্যার কূটনৈতিক সমাধানে আলোচনার প্রচেষ্টা অব্যাহত আছে। ইরানের ওপর হামলা জোরদার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই এমন তথ্য জানা গেলো।

তুরস্কে ইসরাইলি দূতাবাসের কাছে গোলাগুলি, নিহত ৩

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তানবুলে অবস্থিত ইসরাইলি কনস্যুলেটের বাইরে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল সকালে ঘটা এই সংঘর্ষে সন্দেহভাজন তিন হামলাকারী নিহত হয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম এবং সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইস্তানবুলের লেভেন্ট ডিস্ট্রিক্টে অবস্থিত ইসরাইলি কনস্যুলেট লক্ষ্য করে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয় তুর্কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়।

ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: মার্কিন বাহিনী

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা দেশটির ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘অপারেশন এপিক ফিউরি।’ এ অভিযান সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম জানায়, এখন পর্যন্ত তারা ১৫৫টির বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে।

শীর্ষ ২০ খেলাপি কোম্পানির ১১টিই এস আলমের

বাংলাদেশকে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতায় প্রস্তুত ইরান

ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার

আয় কমে তলানিতে, আমিরাতে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশিরা

বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমাতে মেগা প্রকল্প বিএসসির

হাদির দুই খুনিকে ফেরানোর অনুরোধে সাড়া দেয়নি ভারত

বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা

হামের টিকা দিতে ব্যর্থ ড. ইউনূসের সরকার

‘মাই ম্যান’ পদায়ন নিয়ে তিন গ্রুপের শীতল যুদ্ধ

তীব্র জ্বালানি সংকটে দেশ, মন্ত্রীরা বলছেন সমস্যা নেই