বিএনপির অফিস পোড়ানোর মামলা
নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত।
তারা হলেন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান ও নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম।
গত বছরের ৪ নভেম্বর রাতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে পোরশা থানায় একটি মামলা হয়। ঐ মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন এই পাঁচ আওয়ামী লীগ নেতা।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, বিএনপির সাধারণ সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদ সদস্য মাইদুর রহমানের হত্যা মামলায় তারা এজাহার ভুক্ত আসামি।