শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শনিবার অনুষ্ঠিত হবে। এমএ আজিজ স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে চট্টগ্রাম বিভাগের নামিদামি ক্রিকেটার অংশ নেবেন।
লাল ও সবুজ—এ দুই ভাগে ভাগ হয়ে খেলবে দল দুটি। আর ম্যাচের বিজয়ী দল খেলবে ঢাকায় চূড়ান্ত পর্বে। এরই মধ্যে ম্যাচটির জন্য দল গঠন করা হয়েছে। এই ম্যাচ ঘিরে দিনব্যাপী কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সকাল ১০টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করা হবে। আর ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।