হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে শাহজীবাজারে দরগাহগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগাগেট এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও দুই নারীর মৃত্যু হয়।
নিহতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মী আক্তার (২০) নবীগঞ্জ উপজেলার জস্তুরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেন।