হোম > সারা দেশ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর লালবাগ চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে রিয়াদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার কিছু পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

পথচারী মোহাম্মদ ফাহিম বলেন, চৌরাস্তা মোড়ের পাশে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তিনি এবং আশপাশের কয়েকজন ছুটে যান। তারা দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি কোনো ব্যক্তিগত বৈরিতা বা পূর্ববিরোধের জেরে হতে পারে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। হত্যার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নিহত রিয়াদের মা নাছিমা বেগম জানান, সন্ধ্যায় রিয়াদ বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে পরিচিতদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পান। তিনি আরও জানান, রিয়াদ আগে এপেক্স জুতা প্রস্তুতকারী কারখানায় কাজ করলেও সম্প্রতি স্থায়ী কোনো কাজে যুক্ত ছিলেন না।

রিয়াদ লালবাগের স্থায়ী বাসিন্দা মো. সালামের ছেলে। তিনি বর্তমানে শহীদ নগর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। এক বছর বয়সী একটি সন্তানের জনক ছিলেন তিনি।

এই হত্যাকাণ্ডের পর এলাকায় অস্বস্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘাতককে চিহ্নিত করতে দ্রুতই অভিযান শুরু হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক