পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়নুল আবেদীন
বর্তমান প্রজন্মের মেয়েদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে সরকার অবকাঠামোগত উন্নয়নসহ নানা উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, একটি শিক্ষিত মেয়ে একটি শিক্ষিত পরিবার গড়ে তোলে, আর শিক্ষিত পরিবারই গড়ে তোলে একটি সমৃদ্ধ জাতি।
শুক্রবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে জয়নুল আবেদীন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমান প্রজন্মের মেয়েদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে সরকার অবকাঠামোগত উন্নয়নসহ নানা উদ্যোগ গ্রহণ করছে।
এসময় তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের সামনের সড়ক অতি দ্রুত কার্পেটিং এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।