হোম > সারা দেশ

কুমিল্লায় চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগ হয়নি ৬ প্রাথমিক শিক্ষকের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পেয়েও কুমিল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পাননি ছয় প্রার্থী। এর মধ্যে বাদ পড়া লাকসাম উপজেলার ওমর ফারুক একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান ।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়নি। তবে বাদ পড়া প্রার্থীদের দাবি, নিয়োগের সব শর্ত পূরণ করার পরও শেষ মুহূর্তে তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, কুমিল্লায় সহকারী শিক্ষক নিয়োগে মোট ৫০৮ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। তাদের মধ্যে ৪৭৭ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ছয়জন নিয়োগ পাননি।

নিয়োগ না পাওয়া ছয়জন হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার ওমর ফারুক, বুড়িচং উপজেলার সাইদুল ইসলাম, লাকসাম উপজেলার ওমর ফারুক, চৌদ্দগ্রাম উপজেলার তাহমিনা আক্তার রিতা, মুরাদনগর উপজেলার আহসান হাবীব ও তিতাস উপজেলার মাইন উদ্দিন।

২০২৫ সালে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৬ সালের ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে প্রার্থীদের সুপারিশ করা হয়।

বাদ পড়া লাকসাম উপজেলার ওমর ফারুক একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী।

ওমর ফারুক বলেন, ‘আমি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাইনি। উপজেলার অন্যদের নিয়োগপত্র দেওয়া হলেও আমাকে দেওয়া হয়নি। আমার নামে কোনো ফৌজদারি মামলা নেই। রাষ্ট্রবিরোধী কোনো কাজ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে আমি জড়িত নই। আমি কোনো নেতা নই। আমার স্থায়ী ঠিকানা, স্বাস্থ্য সনদ ও ডোপ টেস্টের রিপোর্টও ঠিক আছে।’

তিনি বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি হার্ট অ্যাটাক করেছেন। আমার অসুস্থ মা, স্ত্রী ও দুই সন্তান চাকরির আশায় অপেক্ষা করছে। বাবা-মা খুব উদ্বিগ্ন। সরকারের কাছে আমার আবেদন, বিষয়টি যাচাই করে আমাকে নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করা হোক।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাদ পড়া আরেক প্রার্থী বলেন, ‘৪৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ছয়জনকে দেওয়া হয়নি। কেন দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আমরা পরিষ্কারভাবে কিছু জানতে পারিনি।’

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী চৌধুরী ‘আমার দেশ’কে বলেন, ‘কুমিল্লা থেকে ৫০৮ জনকে সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ৪৭৭ জন কাগজপত্র জমা দিয়েছেন। আমরা ৪৭১ জনকে নিয়োগ দিয়েছি। বাকি ছয়জন বিভিন্ন সংস্থার প্রতিবেদনের কারণে বাতিল হয়েছে। কারও নামে মামলা থাকতে পারে, আরও বিভিন্ন কারণে বাদ হয়ে থাকতে পারেন।’

এমএইচ

রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল

পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান

আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে ছয় মাসের মধ্যে সরকারের পতন হবে: আল মামুন

অভাবের সংসার থেকে ৩ কারখানার মালিক, এখন ২১৫ মানুষের কর্মসংস্থানের কারিগর

পীরগাছায় আনোয়ার হোসেনের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক, জামিনে মুক্ত

শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা

দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার

সবুজ জ্বালানির প্রসারে বাড়ছে গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধি: আমিনুল হক