বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচির মো. জিয়া উদ্দীন সিকদার বলেন, মহানগরের ৩০টি ওয়ার্ডের মধ্যে কেবল মাত্র ২১নং ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। এ কারণে ওই ওয়ার্ড ছাড়া ২৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই ৩০টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আমার দেশকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ নভেম্বরের নির্দেশ মোতাবেক ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সম্মতিক্রমে বরিশাল মহানগরীর ২৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তিনি বলেন, শিগগিরই সম্মেলনের মাধ্যমে বরিশাল মহানগর বিএনপির নতুন কমিটি গঠিত হবে। সে ক্ষেত্রে বরিশাল মহানগরের অধীনস্থ ৩০টি ওয়ার্ডের সব কমিটি নতুন করে করতে হবে। আর ওই কমিটির আহ্বায়কসহ সব সদস্যই ভোটাধিকার প্রয়োগ করে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। এ কারণেই মূলত ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।