রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ড শেষে অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চার দিনের রিমান্ড শেষে এদিন আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা।
এর আগে গত ২০ নভেম্বর মিজানুর রহমান ও তমালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। একই মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছিল।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ নভেম্বর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুর রহমানকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে জড়ো হন বলে অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।