ফেনীতে নাজমুল হাসান (২৫) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
গতকাল রাতে জেলার মহিপাল সার্কিট হাউজ সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাটাফুল গ্রামের মিলন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফেনীতে দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক বলেন, মহিপাল সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশাকে এক ব্যক্তি ঘোরাফেরা করছে-এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমব্যাট ট্রাউজার, কমব্যাট ক্যাপ, সেনা পোশাক পরা তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সংবলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।