কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের পশু বেচাকেনা । ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ । চলছে দর কষাকষি ।
গাইবান্ধা প্রতিনিধি জানান, এবার গাইবান্ধার বিভিন্ন স্থানে ৩২টি গবাদি পশুর হাট বসেছে। এর মধ্যে ১৯টি স্থায়ী ও ১৩টি অস্থায়ী হাট রয়েছে। এছাড়া খামার ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও পশু কেনাবেচা হচ্ছে। ইতোমধ্যে জমে ওঠেছে এই হাটগুলো। আর এসব হাটে দালালদের খপ্পরে পড়ে ক্ষতির শিকার হন বলে অভিযোগ উঠেছে ক্রেতা-বিক্রেতাদের। গাইবান্ধার লক্ষ্মীপুর, মাঠের হাট, সাদুল্যাপুর ও পুরাতন বাদিখালিসহ আরো বিভিন্ন হাটে কোরবানিযোগ্য পশুর মধ্যে ষাঁড়, বলদ, মহিষ, গাভি, ছাগল ও ভেড়া কেনাবেচা শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক জানান, এ জেলায় চাহিদা পূরণ রেখেও অতিরিক্ত ৩৯ হাজার ৪৮৩টি কোরবানি পশু মজুত আছে। আশা করছি, স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জায়গায় এসব পশুর চাহিদা পূরণে সহায়ক ভূমিক রাখবে।
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাটে স্থানীয় খামারে লালন-পালন করা গরু, ছাগল ও মহিষ উঠতে শুরু করেছে। তবে পশুর তুলনামূলক বেশি দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেক ক্রেতা। গত রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় হাটে বেচাকেনার গতি কিছুটা বাড়লেও এখনো পুরোপুরি জমে ওঠেনি। পছন্দের পশু ঘিরে চলছে দরদাম ও কেনাবেচা।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, হাটে আনা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে টিম কাজ করছে।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুর জেলার শিবচর উপজেলাজুড়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বৈকালিক বাজার ও অস্থায়ী স্থানে পশুর হাট বসানোকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিক ও সরকার অনুমোদিত স্থায়ী হাটের ইজারাদারদের অভিযোগ নামে মাত্র কিছু টাকায় অস্থায়ী হাটবাজার ইজারা নিয়ে একটি প্রভাবশালী মহল ঈদ মৌসুমে কোটি টাকার পশু বাণিজ্য পরিচালনা করছে। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ স্থায়ী হাটের ইজারাদাররা।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর এলাকার পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। রোববার জগন্নাথপুর পৌর শহরের অস্থায়ী গরুর হাটে প্রচুর গবাদি পশুর আমদানি দেখা গেছে। হাটে ক্রেতাদের ভিড় ও উপস্থিতি সন্তোষজনক হলেও দামের টানাপোড়েনে প্রথম দিকে বেচাকেনা বেশ কম হচ্ছে বলে জানা গেছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট জমে উঠলেও হতাশ খামারিরা। ঈদের আগের দিন পর্যন্ত বসবে জেলার বিভিন্ন হাট। কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না খামারিরা। লাভের আশায় ছোট ও মাঝারি খামারিরা গরু মোটাতাজাকরণে যে অর্থ ব্যয় করেছেন, সে অর্থ ফেরত পাওয়াই তাদের জন্য কষ্টকর বলে জানিয়েছেন প্রান্তিক খামারিরা। তাদের মতে, গরুপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা কম পাচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, এ বছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৫৭৩টি গবাদিপশু।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ভালুকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। উপজেলার হাটবাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা ছোট ও মাঝারি গরু কিনছেন বেশি। বড় গরুর ক্রেতার সংখ্যা কম থাকায় বিক্রিও হচ্ছে কম। ভালুকা অঞ্চলে আটটি স্থায়ী ও একাধিক অস্থায়ী পশুর হাট বসেছে। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহল দিচ্ছে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে পশুর বাজার। গতকাল সোমবার উপজেলার ঐতিহ্যবাহী দুটি পশুর বাজার ‘সরকার হাট’ ও ‘রুস্তম হাট’ বসেছে। আনোয়ারা-বাঁশখালী সড়কের পাশে অবস্থিত সরকার হাট পশুর বাজার এখন চট্টগ্রামে একটি প্রসিদ্ধ নাম। যানবাহন সুবিধা ও কম হাসিলের কারণে চট্টগ্রাম শহরসহ আশপাশের উপজেলাগুলো থেকেও ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায় এই বাজারে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, পবিত্র ঈদুল আজহার শেষ মুহূর্তে এসে বেশ জমে উঠেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার স্থায়ী পশুর হাটগুলো। উপজেলার বাবলাতলা, মুনসুরাবাদ, বালিয়া হাঁটি, লোচনগঞ্জ, মালিগ্রাম স্থায়ী হাটের পাশাপাশি কয়েকটি অস্থায়ী হাট বসানো হয়েছে। কোরবানির এসব হাটে বেচাকেনা বৃদ্ধিতে খামারি মালিক, হাট ইজারাদারের মুখে যেমন হাসি, তেমনি ক্রেতারা তাদের পছন্দের গরু বা খাসি কিনে বেজায় খুশি।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের ঝিকরগাছা পৌর সদরে জমে উঠেছে পশুহাট। পশুহাটে ছাগল এবং গরুর প্রচুর আমদানি লক্ষ করা গেছে। চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ঝিকরগাছা পশুহাটে ভারতীয় গরু বিক্রি করার অভিযোগ উঠেছে।