হোম > সারা দেশ

সরকারি জমিতে যশোর আওয়ামী লীগ কার্যালয়

আহসান কবীর, যশোর

জেলা কার্যালয়ের জন্য ইজারা নেওয়া স্থানের ইজারামূল্য কখনো পরিশোধ করেনি যশোর আওয়ামী লীগ। কার্যালয়টি তারা প্রায় সাড়ে ১১ বছর অবৈধভাবে ভোগদখল করেছে। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন এবং ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে ক্ষুব্ধ ছাত্র-জনতা।

তারা সেখানে ভাঙচুর ছাড়াও দরজা-জানালা খুলে নিয়ে যায়। একদার জমজমাট দলীয় কার্যালয়টিতে ৫ আগস্টের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রবেশ করেননি।

যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছিল শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় ‘আলী মঞ্জিল’ নামে সুপ্রাচীন একটি ভবনে। শেখ হাসিনা দ্বিতীয় দফা সরকার গঠনের পর দলটির কার্যালয় স্থানান্তরিত হয় পাশের নেতাজী সুভাষ চন্দ্র সড়কে আরেকটি ভবনের দোতলায়। সরকারের পক্ষে এই ভবনটির মালিক জেলা প্রশাসন। এখানে একসময় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয় ছিল। চেম্বার কর্তৃপক্ষ জেল রোডে নিজস্ব জায়গায় অফিস স্থানান্তর করলে সেখানে উঠে আসার সিদ্ধান্ত নেয় তখনকার শাসক দল আওয়ামী লীগ।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৩ সালের এপ্রিলে ওই ভবনের দোতলায় ছয় শতক সমপরিমাণ স্থান আওয়ামী লীগকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। বার্ষিক এক হাজার ৩৩৩ টাকা পরিশোধের শর্তে জেলা আওয়ামী লীগ সভাপতির নামে ইজারা দেয় জেলা প্রশাসন।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার আমার দেশকে জানান, ভবনের নির্ধারিত স্থানটি ব্যবহার করলেও আওয়ামী লীগ কখনো ইজারার টাকা পরিশোধ করেনি। ফলে আইনত আওয়ামী লীগের কাছে স্থান ইজারা দেওয়া হয়নি বলে বিবেচিত হবে।

জেলা আওয়ামী লীগের সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন শহিদুল ইসলাম মিলন। ইজারামূল্য পরিশোধ না করার কারণ তার কাছ থেকে জানা যায়নি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ দলের দায়িত্বশীল সব নেতা লাপাত্তা।

হাসিনার পলায়নের পর হাজার হাজার মানুষ মিছিলসহকারে এসে শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারকা হোটেল ‘জাবির ইন্টারন্যাশনালে’ হামলা চালায়। এরপরই বিক্ষুব্ধ লোকজন হামলা চালায় পাশের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে।

অবৈধভাবে সরকারি স্থান দখল করে থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না- আমার দেশ-এর এমন প্রশ্নের জবাবে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার বলেন, ‘সদরের এসি ল্যান্ডকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

তেল নিতে গিয়ে ছাত্রদল নেতার তাণ্ডব, সাজা ঘোষণার পর রহস্যজনক মুক্তি

নাটোরে দেড় কোটি টাকার মালামালসহ ১৩ডাকাত গ্রেপ্তার

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ডাকনিরপাটে শুরু হলো গরুর গোশত বিক্রি

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

অব্যবস্থাপনার অভিযোগ রাবি মেডিকেলে তালা দিলেন শিক্ষার্থীরা