হোম > সারা দেশ

শতবর্ষের শিক্ষাপ্রতিষ্ঠান, খালেদা জিয়ার হাতে জাতীয় স্বীকৃতি

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

একটি প্রদীপ কখনো শুধু আলো দেয় না, প্রজন্মের পর প্রজন্মের পথও দেখায়। শতবর্ষ আগে জ্বালানো এমনই এক শিক্ষার প্রদীপ আজও আলোকিত করছে হাজারো জীবন। সেই প্রদীপের নাম চট্টগ্রামের সীতাকুণ্ড কামিল এম.এ. মাদরাসা।

প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক (র.) এর উদ্যোগে ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এ মাদরাসা। ১৯৯৪ সালে শিক্ষা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে অসামান্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় এ মাদরাসা। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। তিন দশক পেরিয়ে গেলেও সেই অর্জন আজও প্রতিষ্ঠানটির ইতিহাসে গৌরবোজ্জ্বল এক অধ্যায়।

মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক ১৮৫৬ সালে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় জন্মগ্রহণ করেন। তার হাত ধরে প্রতিষ্ঠিত মাদরাসাটি শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ থাকেনি। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষাও সমান গুরুত্বের সঙ্গে দিয়ে আসছে। এ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী আজ শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ, চিকিৎসা, গবেষণা, সাংবাদিকতা, ব্যবসা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

১৯৯৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ছিল এই দীর্ঘ পথচলার অন্যতম শ্রেষ্ঠ অর্জন। শিক্ষা বিস্তার, সুশৃঙ্খল পরিবেশ, নৈতিক শিক্ষা ও ধারাবাহিক সাফল্যের মূল্যায়ন হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে প্রাপ্ত ক্রেস্ট ও সনদ আজও প্রতিষ্ঠানটির গৌরবের স্মারক হিসেবে সংরক্ষিত রয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গনি বলেন, ১৯৯৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণের ঘটনা আমাদের দীর্ঘ শিক্ষা সাধনার ঐতিহাসিক স্বীকৃতি।

প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক (র.)-এর শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরি করা। আমরা সেই আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের যুগোপযোগী, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

সচেতন মহলের মতে, এ দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ইতিহাস সংরক্ষণে গবেষণা, প্রামাণ্য গ্রন্থ প্রকাশ এবং ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা জরুরি। পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে।

মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক আজ আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া স্বপ্ন, আদর্শ ও শিক্ষা আন্দোলন আজও বেঁচে আছে। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ইট, প্রতিটি শ্রেণিকক্ষ এবং হাজারো শিক্ষার্থীর সাফল্যে। শতবর্ষ আগে জ্বালানো সেই শিক্ষার প্রদীপ আজও নিভে যায়নি। বরং নতুন প্রজন্মের হাত ধরে আরও উজ্জ্বল হয়ে ভবিষ্যতের পথ আলোকিত করে চলেছে।

জেডএম

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল