হোম > সারা দেশ

চার ছাত্রহত্যার বিচারে অগ্রগতি নেই, আপসের অভিযোগ

বিশেষ প্রতিনিধি

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের গুলিতে নিহত হন চার তরুণ শিক্ষার্থী। আহত হন অনেকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনায় হত্যা মামলা হলেও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ শহীদ পরিবারের সদস্যদের।

তাদের অভিযোগ, মামলার প্রধান আসামি তৎকালীন হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে আপসের চেষ্টা করছেন হেফাজতে ইসলামের কয়েকজন নেতা। অন্যদিকে কারাগারে ডিভিশন সুবিধা পাচ্ছেন অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তা। সব মিলিয়ে বিচার পাওয়া নিয়ে হতাশা ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ পরিবারগুলোর।

গত ১৪ সেপ্টেম্বর দুই শহীদের ভাই ও গুলিতে আহত দুই ব্যক্তির সঙ্গে কথা হয় আমার দেশ-এর। তারা জানান, মামলা ও এর অগ্রগতি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। হেফাজতে ইসলামের নেতারা এ বিষয়ে সব জানেন। আহত ব্যক্তিদের অভিযোগ, রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে মামলা আপসের বিষয়ে দেনদরবার করছেন সংগঠনটির কয়েকজন নেতা। তাদের ভাষায়, এটি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি। অভিযুক্ত ওসি কারাগারে ডিভিশন সুবিধা পাওয়ায় তারা বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

পরদিন ১৫ সেপ্টেম্বর টেলিফোনে কথা হয় কারাবন্দি ওসি রফিকুল ইসলামের স্ত্রী নাহিদা সুলতানার সঙ্গে। তিনি স্বামীর কারাগারে ডিভিশন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামীকে জামিনে মুক্ত করতে চট্টগ্রামের একজন আইনজীবীকে ১৪ লাখ টাকা দিয়েছিলেন তারা। তবে তাতে কাজ না হওয়ায় এখন একজন ব্যারিস্টার নিয়োগ দিয়েছেন।

নাহিদা বলেন, গত দুই মাস ধরে আমার স্বামী ডিভিশন পেয়েছেন। তারা (হেফাজত নেতারা) চাচ্ছেন একটু মিলমিশ করতে। এখন কীভাবে কী করব? স্যাররা (ঘটনার সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা) আছেন।

তিনি আরো বলেন, হেফাজতকে রফিকের ব্যাপারে সব তথ্য প্রোভাইড করেছিলাম। ঘটনার পর নির্বাহী তদন্তেও রফিকের নাম আসেনি। আমি এটা তাদের বোঝাতে সক্ষম হয়েছি।

নাহিদার দাবি, মামলার বাদী হেফাজতের নেতৃত্বের পক্ষ থেকেও এ বিষয়ে তেমন কোনো তৎপরতা নেই। তিনি আক্ষেপ করে বলেন, ওই ঘটনায় রফিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তো কিছুই হয়নি।

তবে এ বিষয়ে হেফাজতে ইসলামের নেতা আশরাফ আলী আদনান আমার দেশকে বলেন, মামলা করেছিলেন শহীদ পরিবারের সদস্যরা, আমরা দেখভাল করি। মামলার অগ্রগতি আমাদের আইনজীবী বলতে পারবেন। ওসি রফিকের পরিবারের সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আপসের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, এমন তথ্য আমার জানা নেই।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড

২০২১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। এর অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। হাটহাজারী বড় মাদরাসা থেকে বের হওয়া ওই মিছিলে গুলি চালায় মডেল থানা পুলিশ। এতে চার শিক্ষার্থী নিহত হন।

নিহত চারজন হলেন—কুমিল্লার রবিউল ইসলাম, চট্টগ্রামের ওয়াহিদুল ইসলাম, নওগাঁর নাসরুল্লাহ এবং মাদারীপুরের কাজী মিরাজুল ইসলাম। ওই ঘটনায় অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনায় হাটহাজারী মডেল থানায় দুটি হত্যা মামলা করা হয়। মামলাগুলোর প্রধান অভিযুক্ত মডেল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলাম।

শহীদ পরিবারের বক্তব্য

শহীদ রবিউল ইসলামের ভাই আব্দুর রহমান আমার দেশকে বলেন, হেফাজত নেতারা মামলা করার জন্য আমার বাবাকে চট্টগ্রামে ডেকে নিয়েছিলেন। এরপর বাদবাকি সবকিছু তারাই করেছেন। এসব বিষয়ে তাদের কাছে পুরো তথ্য পাবেন।

শহীদ ওয়াহিদুল ইসলামের ভাই ও চট্টগ্রাম আইন কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, আমরা তো কোনো মামলা করিনি। এগুলো হেফাজতে ইসলামের হুজুররা জানেন। আমার ভাইয়ের সঙ্গে আরো তিনজন শহীদ হন। বাকি তিনজনের স্বজনদের কেউ মামলা করতে পারেন।

রিমান্ডে নির্যাতনের অভিযোগ

ওই ঘটনায় আহত হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র ও হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মাওলানা আসাদুল্লাহ তৎকালীন ওসি রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে রিমান্ডে নির্মম নির্যাতনের অভিযোগ করেছেন।

তিনি আমার দেশকে বলেন, ২০২১ সালের ১৬ মার্চ মিছিলে বিনা উসকানিতে গুলি চালিয়ে হাটহাজারী মাদরাসার চার ছাত্রকে হত্যা করে পুলিশ। ওই সময় সরকারদলীয় লোকজনও ব্যাপক তাণ্ডব চালায়। থানা, ডাকবাংলো ও ভূমি অফিসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় হেফাজতকে লক্ষ্য করে অন্তত ১৬টি মামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

রিমান্ডে নির্যাতনের বর্ণনা দিয়ে আসাদুল্লাহ বলেন, ওসি রফিক প্লায়ার্স দিয়ে আমার হাত ও পায়ের কাঁচা নখ টেনে তুলে ফেলেন এবং ক্ষতস্থানে সুঁই ঢুকিয়ে দেন। লোহা ও কাঠের রড, স্টাম্প ও ব্যাট দিয়ে বেধড়ক পিটিয়ে আমার হাত, পা ও কোমর ভেঙে ফেলা হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া দিয়ে ঝুলিয়ে রাখার পাশাপাশি পুরুষাঙ্গসহ সারা শরীরে বৈদ্যুতিক শক দেওয়া হয়। পানি চাইলে মুখে প্রস্রাব ঢেলে দেওয়া হতো। দিনের পর দিন ঘুমাতে দেওয়া হয়নি এবং নামাজ-গোসল করতেও বাধা দেওয়া হতো।

তিনি আরো বলেন, ওসি রফিকের নির্যাতনে আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবা স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। মা শয্যাশায়ী। মিথ্যা মামলা ও রিমান্ডের ভয় দেখিয়ে আমাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে।

বিচার প্রক্রিয়ার অগ্রগতি ও আপসের অভিযোগ নিয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার অবসানে দ্রুত মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির