বাগেরহাটের চিতলমারীতে দাম ভালো হওয়ায় আগাম টমেটো চাষে ঝুঁকছেন কৃষকেরা। এখানকার উৎপাদিত টমেটো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
উপজেলার শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা ও সন্তোষপুর ইউনিয়নের কয়েক হাজার কৃষক এই চাষের সঙ্গে যুক্ত। বিশেষ করে চিংড়ি ঘেরের পাড়ে উচ্চফলনশীল জাতের টমেটোর আবাদ বেশি হয়েছে।
বর্তমানে কৃষক-কৃষানিরা খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। অনেকে আগাম টমেটো বাজারে তুলতে শুরু করেছেন। দাম ভালো হওয়ায় টমেটো চাষে তাদের আগ্রহ আরো বাড়ছে।
উপজেলার দুর্গাপুর গ্রামের সুব্রত মণ্ডল জানান, তিনি তিন বিঘা চিংড়ি ঘেরের পাড়ে টমেটো চাষ করেছেন। ইতিমধ্যে প্রতি মণ টমেটো ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি শুরু করেছেন। ঢাকাসহ সারা দেশে চাহিদা থাকায় ভালো মুনাফার আশা করছেন তিনি।
কুরমনি গ্রামের চাষি অবনী কুমার বালা জানান, তিনি আড়াই বিঘা জমিতে টমেটো চাষ করে ভালো ফলন পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বড় লাভের আশা করছেন তিনি।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত-আল-মারুফ জানান, ভালো দাম পাওয়ায় কৃষকেরা আগাম টমেটো চাষে বেশি আগ্রহী হচ্ছেন। এ বছর উপজেলায় গত বছরের চেয়ে ২১ হেক্টর বেশি অর্থাৎ মোট ৮৮০ হেক্টর জমিতে বিউটিফুল-২, রিগেল, হাইটম ও বিপুলপ্লাসসহ প্রায় ৩০ জাতের টমেটো চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা ভালো লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।