হোম > সারা দেশ > বরিশাল

আগামীকাল বরিশাল আসছেন তারেক রহমান, সর্বত্র সাজ সাজ রব

বরিশাল অফিস

প্রায় দুই দশক পর আগামীকাল বুধবার বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফর উপলক্ষে বরিশাল নগরীসহ জেলা ও বিভাগের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তার আগমনকে কেন্দ্র করে সর্বত্র সাজ সাজ রব দেখা গেছে।

জানা গেছে, বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে অনুষ্ঠিতব্য এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর পর তার এ আগমন স্থানীয় বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তারেক রহমানের সফরকে সফল করতে এরইমধ্যে বরিশাল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে কেন্দ্র করে নগরীতে ধারাবাহিকভাবে আনন্দ র‌্যালি ও মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আখতার জাহান শিরিনের নেতৃত্বে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহর নেতৃত্বে এবং মঙ্গলবার সকালে আরও একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “শুধু বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাকর্মীরাই নয়, পুরো বরিশালবাসী জনসভাকে ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, বুধবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় তিনি বেলস পার্ক ময়দানে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। দুপুর দেড়টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন।

বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল আগমন বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে।”

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, “বরিশাল বিভাগে বিএনপি সরকার অতীতে ব্যাপক উন্নয়ন করেছে। আমরা আশা করি, তারেক রহমান তার মায়ের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করবেন।”

এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, “তারেক রহমান বরিশালে পৌঁছানোর আগ মুহূর্ত থেকেই সভাস্থলে স্কেলিটন ডিউটি দেওয়া হবে। পাশাপাশি সিটিএসবি, ডিবি টিম ও মোবাইল টহল জোরদার করা হয়েছে।”

দীর্ঘদিন পর তারেক রহমানের বরিশাল সফর আসন্ন নির্বাচনে বিএনপির রাজনৈতিক গতিপথে কতটা প্রভাব ফেলবে—এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

৬ ফেব্রুয়ারি ঝালকাঠি আসছেন জামায়াত আমির, নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিএনপির দুর্গে জামায়াতের হানা

বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

মহিলা জামায়াত কর্মীদের প্রচারে যুবদল নেতার নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ

নির্বাচনে মোতায়েন করা হচ্ছে ১ লাখ সেনা সদস্য: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

উজিরপুরে সেনা অভিযানে দুই মাদক কারবারি আটক

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার

জেড জেনারেশনের প্রথম ধাপ হবে শিশুদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তোলা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, আসামি ছিনিয়ে নিল যুবদল নেতারা