হোম > সারা দেশ > বরিশাল

বিষখালীর ভাঙনে বিলীন হওয়ার পথে রুপারজোর গ্রাম

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ (বরিশাল)

বিষখালী নদীর অব্যাহত ভাঙন। ছবি: আমার দেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর একটি গ্রাম। এ গ্রামটি বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম ।

গত চার-পাঁচ বছর ধরে নদীর অব্যাহত ভাঙনে ইতিমধ্যে মসজিদসহ ৮-১০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় এখন চরম ঝুঁকির মুখে রয়েছে রুপারজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এসব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এতে এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিষখালী নদীর ভাঙনে রুপারজোর গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। বসতভিটা হারিয়ে অনেক পরিবার ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। প্রতিনিয়ত ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী বাসিন্দারা। বিশেষ করে বিদ্যালয় ও মাদ্রাসা ঝুঁকির মুখে পড়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে শিক্ষক আলতাফ হোসেন জানান, বিষখালী নদীর অব্যাহত ভাঙনে রুপারজোর গ্রামের মানচিত্র পাল্টে গেছে। প্রায় চার-পাঁচ বছর ধরে নদীভাঙনে ৮ থেকে ১০টি বসতবাড়ি ও একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে এলাকার শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে। যেকোনো মুহূর্তে রুপারজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরি।

নিয়ামতি ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, বাকেরগঞ্জের রুপারজোর গ্রামটি এমনিতেই অবহেলিত। এর মধ্যে বিষখালী নদীর অব্যাহত ভাঙন এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। সরকার অনতিবিলম্বে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে একসময় পুরো রুপারজোর গ্রামই বিষখালী নদীতে বিলীন হয়ে যেতে পারে।

এদিকে নদীভাঙনের হাত থেকে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা রক্ষায় প্রধানমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তাদের দাবি, দেরি না করে দ্রুত নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় শুধু বসতভিটাই নয়, এলাকার শিক্ষা ও সামাজিক অবকাঠামোও ভয়াবহ হুমকির মুখে পড়বে। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, উপজেলার রুপারজোর গ্রামটি বিষখালী নদী ভাঙ্গনে ফসলি-জমি-বসতভিটা-শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। অতি শীঘ্রই ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: শিক্ষামন্ত্রী

ভোলার মহিষের দুধের বিখ্যাত টক দই

চিংড়ি ঘেরের পাড়ে টমেটো চাষ, ফলন ভালো দাম বেশি

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন