হোম > সারা দেশ > বরিশাল

দেশসেবায় নবীন নাবিকদের আত্মনিয়োগের আহ্বান নৌপ্রধানের

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

দেশসেবায় নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি একই সঙ্গে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনাও দেন।

বৃহস্পতিবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৬ ব্যাচের নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সব সময় নিবেদিত থেকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন।

নৌবাহিনীর প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার, দুটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), চারটি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট ও পাঁচটি পেট্রোল বোট সংযোজন করা হয়েছে। পাশাপাশি নিজস্ব ডাটা সেন্টার, বিএএনএনইটি, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং এন্টি ড্রোন সিস্টেম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডসমূহ নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণের মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নৌবাহিনীর প্রধান।

জাতীয় পতাকার প্রতি আনুগত্য, দেশ রক্ষার অঙ্গীকার এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে এ-২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কুচকাওয়াজে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. শাহরিয়ার টুটুল। এছাড়া মো. সামিউল ইসলাম শাকিল ‘কমখুল পদক’, মো. কাদের মিয়া ‘শের-ই-বাংলা পদক’ এবং সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেডএম

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ