ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আরও দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন থানা সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি ভোররাতে বোরহানউদ্দিন থানার এসআই রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. রহিম (২৬), পিতা সমসের উদ্দিন এবং মো. আরিফ (২৫), পিতা: আলাউদ্দিন।
তারা দুজনই কাচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি বগিদা এবং একটি রামদা উদ্ধার করেছে।
এদিকে ডাকাতদের থেকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে আরও দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তারা হলেন- মাসুদ আলম(৪০) ও কামাল উদ্দিন (৪৫)
পুরো ঘটনায় পুলিশ প্রায় ২৫ থেকে ২৬ ঘণ্টা ধরে আসামিদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সত্যজিৎ এ বিষয়ে গণমাধ্যমকে স্পষ্ট কোনো তথ্য দেননি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।