হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে অচলাবস্থা নিরসনে বিচারক-আইনজীবী সমঝোতা বৈঠক

রোববার মিলতে পারে জামিন

নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

ছবি : আমার দেশ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই সব আদালত বর্জন করেছেন আইনজীবীরা। তবে আইনজীবী সমিতির সিদ্ধান্ত না মেনে কতিপয় আইনজীবী আদালতে শুনানিতে অংশ গ্রহণ করলে বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে এজলাস ত্যাগ করেন তারা।

গত তিন দিনের টানা কর্মবিরতিতে আদালতের স্বাভাবিক কার্যক্রমে দেখা দেয় অচালবস্থা। মামলার শুনানি না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন বিচারপ্রার্থীরা। এদিকে গ্রেপ্তার হওয়া বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সাদিকুর রহমান লিংকনের জামিনের জন্য বৃহ্স্পতিবার আদালতে আবেদন করা হয়নি। আগামী রোববার এ মামলার জামিন শুনানি হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজের পক্ষ থেকে মামলার আসামি নন এমন তিনজন আইনজীবীকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষই সমঝোতার বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। তবে সুপ্রিম কোর্ট অভিযুক্ত ১২ আইনজীবীদের শোকজ করায় সুপ্রিম কোটের প্রধান বিচারপতি সঙ্গে আলোচনা করেই লিংকনের জামিন ও সার্বিক বিষয়ে সমঝোতা করার আশ্বাস মিলেছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এদিকে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সকাল থেকেই আদালত চত্বরে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়ে করা হয়।

সূত্র জানায়, জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে কোনো আদালতের কার্যক্রমে যোগদান করেননি বিএনপিপন্থি আইনজীবীরা। তবে বেশ কিছুসংখ্যক সাধারণ আইনজীবী আদালতের বিভিন্ন মামলার শুনানিতে অংশ নিতে চাইলেও বিএনপিপন্থি আইনবীবীদের বাধার মুখে এজলাস ত্যাগ করেন।

সকাল থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসহ বিএনপিপন্থি আইনজী্বীরা আদালত চত্বরে উপস্থিত হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মহসিন মন্টু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট হুমায়ুন কবির ও জসীম উদ্দীন আকনসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন।

এসময় আইনজীবীরা বলেন, তাদের সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো ১২ জন আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ সময় তারা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থি এক আইনজীবী আমার দেশকে বলেন, আইজনীবীদের আদালত বর্জনের কারণে অচালবস্থার সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. কামরুলের মাধ্যমে মামলার আসামি নয়- এমন তিনজন আইনজীবীকে মহানগর দায়রা জজ তার খাস কামরায় ডেকে সমঝোতা বৈঠক করেন।

ওই বৈঠকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাচ্ছু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হুমাউন কবির মামুন ও এ্যাডভোকেট জসিম উদ্দীন আকন অংশ নেন। বৈঠকে উভয় পক্ষর সমঝোতার পক্ষে কথা বলেছেন বলে জানা গেছে।

এছাড়া বিষয়টি সুপ্রিয় কোর্ট পর্যন্ত গড়ানোর কারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সমঝোতা চান বিচারকরা। তাতে আগামী রোববার গ্রেপ্তার হওয়া সাদিকুর রহমান লিংকনের জামিন ও মামলা প্রত্যাহার হওয়ার আশ্বাস মিললে সব আইনজীবী স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন বলে বৈঠকে জানান আইনজীবীরা। উভয় পক্ষই বিষয়টি সমঝোতার পক্ষেই রয়েছেন বলে জানান সূত্রটি।

এদিকে আদালত বর্জনের কারণে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। দূর থেকে এসে ফিরে গেছেন তারা। অপর দিকে আদালতে বিপুলসংখ্যক পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সকাল থেকে আদালক চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা থাকলেও সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আদালত চত্বরে প্রবেশ করে।

এ নিয়ে আদালত চত্বরে আতংক ছড়িয়ে পড়ে। বিশেষ করে মামলার অন্য আসামিদের মধ্যে গ্রেপ্তার আতংক দেখা দেয়।

গত সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয় বিএনপিপন্থি আইনজীবীরা ।আদালত বর্জন করেন তারা। এ ঘটনা নিয়ে গত মঙ্গলবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস ভাঙচুর, সরকারি নথি ও মালামাল বিনষ্ট ও বিচারককে ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অভিযোগ ওঠে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ জাতীয়তাবাদী আইনজীবীদের বিরুদ্ধে।

এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক ও জেলা পিপিসহ ১২ নামধারী আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়।

ওই মামলায় বুধবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় অবিলম্বে লিংকনের মুক্তি দাবিসহ দুই বিচারকের অপসারণ দাবি করেন তারা।

কলেজের জমি দখল করে বিএনপি নেতার পিতার দোকানঘর নির্মাণের অভিযোগ

উজিরপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারে চলছে আদালত বর্জন

ববি ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে আগুন, লুটপাট; আহত ১

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

নিখোঁজের পর সন্ধ্যা নদীতে ভেসে উঠলো প্রবাস ফেরত ব্যক্তির লাশ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সমাজকল্যাণ কমিটির উদ্যোগে আবুল হাসনাতের নতুন গৃহ উদ্বোধন

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার