বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রোববার রাত ৮টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকা মিছিল বের করে সংগঠনটি। এসময় তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নথুল্লাবাস বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানসহ প্রধান উপদেষ্টা ড. ইউনূছের বিরুদ্ধে নানান স্লোগান দেন। এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাস বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র-জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র-জনতা।
আটককৃতরা হলেন- ৩০নং ওয়ার্ডর বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের শাহীন শেখ।
বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত ৫ আগেস্টের পর থেকে আত্মগোপনে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।