চরফ্যাশনে মুয়াযযম হোসাইন হেলাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ সংসদীয় আসনের জামায়াতের মনোনীতপ্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, মানুষ গত ৫৪ বছর ধরে সব দলের শাসন দেখা শেষ— তারা এখন ইসলামী শাসন দেখতে চায়।
শুক্রবার দুপুরে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট হেলাল বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোট কেন্দ্রগুলোতে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথি হিসেবে ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, সংগঠনের প্রত্যেক স্তরে দায়িত্বশীলদের মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি— বাংলাদেশে এসবের আর কোনো ঠাঁই হবে না।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জামায়াতে ইসলামী ভোলা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি কাজী মাও. হারুন অর রশিদ, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাও. মহিববুল্লাহ।