দেশের শীর্ষ স্থানীয় ও বহুল প্রচারিত দৈনিক আমার দেশে সংবাদ প্রকাশের পর দৌলতখান উপজেলা ভূমি অফিসের সেই দু’অফিস সহকারীকে বদলি করা হয়েছে।
শনিবার আমার দেশে দৌলতখান উপজেলা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, ভিডিও ভাইরাল শিরোনামে সংবাদটি প্রকাশিত হওয়ার পর রবিবার ২৯ জুন জেলা প্রশাসক মো. আজাদ জাহান স্বাক্ষরিত ওই দু’অফিস সহকারী মো. আনোয়ার হোসেন ও আবদুল খালেককে ভোলার মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়।
জেলা প্রশাসন ওই দু’কর্মচারীকে ৩০ জুন (বর্তমান কর্মস্থল) অফিস ত্যাগ করে মনপুরায় বদলির আদেশ প্রদান করেন। বদলির আদেশে উল্লেখ করা হয়, ৩০ জুনের মধ্যে বদলি হওয়া কর্মচারীরা বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ৩০ জুন দুপুরে আবশ্যিকভাবে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ডরিলিজ) হিসেবে গণ্য হবেন।
ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান সাংবাদিকদের জানান, ওই দু’কর্মচারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠায় তাদেরকে তাৎক্ষণিক মনপুরায় বদলি করা হয়েছে।