হোম > সারা দেশ > বরিশাল

সবুজ বেষ্টনী উজাড় করে বেড়িবাঁধে দোকান নির্মাণ, নীরব প্রশাসন

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় উপকূল রক্ষায় গড়ে তোলা সবুজ বেষ্টনী উজাড় করে বেড়িবাঁধের ঢালে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের নীরব সমর্থনেই এসব অবৈধ স্থাপনা গড়ে উঠছে। অথচ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়সারা বক্তব্যে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

জানা গেছে, ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকার বেড়িবাঁধে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছে। এর মূল উদ্দেশ্য ঝড়-জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা। কিন্তু সম্প্রতি সেখানে একের পর এক গাছ কেটে দোকানঘর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় প্রভাবশালী রাকিব হাওলাদার, রবিউল মোল্লা, আব্দুল জলিল আকন, মহিম হাওলাদার ও আব্দুর রশিদ হাওলাদার এসব গাছ কেটে দোকানঘর নির্মাণ করছেন। এসব দোকান ভাড়া দেয়ার জন্য চুক্তির প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে। তাদের অভিযোগ, বিষয়টি বন বিভাগ ও পাউবোকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি বছর ঝড়-জলোচ্ছ্বাসে আমরা আতঙ্কে থাকি। আমাদের রক্ষার জন্য যে বন গড়ে তোলা হয়েছে, তা ধ্বংস করে দোকানঘর তৈরি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের নীরবতা আরও আশঙ্কাজনক।’

বন বিভাগের গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘বেড়িবাঁধে আমাদের রোপণ করা গাছের মধ্যে দোকানঘর নির্মাণে আমরা বাধা দিয়েছি। কিন্তু তারা বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাউবো কলাপাড়া সার্কেলের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারিকুজ্জামান তুহিন বলেন, ‘একজন স্থানীয় আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। আমরা সরেজমিন গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবো।’

উপকূলীয় এলাকার বাসিন্দারা মনে করছেন, বন ধ্বংস করে গড়ে ওঠা দোকানঘর শুধু প্রকৃতি নয়, তাদের জীবন ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে সবুজ বেষ্টনীর এ প্রকল্প ধ্বংস হয়ে পড়বে চরম ঝুঁকিতে।

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান