আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভাগীয় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তিনি জানান, আগামী ১৩ জুলাই সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদর এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রস্তুতি সভায় জানানো হয়, ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল–বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সফরের সব কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নে দলের দায়িত্বশীল নেতারা সমন্বিতভাবে কাজ করছেন।