ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে পরিচালিত অভিযানে ৫৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। এ জালের বাজার মূল্য অন্তত ৩০ লাখ টাকা। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান ও মৎস্য অফিসের স্টাফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ জুন পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চলমান থাকবে। তারই অংশ হিসেবে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে। আমরা কঠোরভাবে এই অভিযান অব্যাহত রাখবো।