শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নির্ধারণ ও সেবাবিহীন খাতে আদায় করা অর্থ ফেরতসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীরা।
রোববার ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সেবাবিহীন বিভিন্ন খাতে অর্থ আদায় করা হচ্ছে। তাদের সেশন ফি ধরা হয়েছে ২ হাজার ৬২০ টাকা। এর মধ্যে ৭৮০ টাকার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। এই ৭৮০ টাকা ব্যয়ের যেসব খাত দেখানো হয়েছে শিক্ষার্থীরা সেসব সুযোগ ভোগ করেননি। তাই তাদের কাছ থেকে নেওয়া টাকার যথাযথ হিসাব চান তারা।
বিক্ষোভে শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো সেশন ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে নেওয়া অর্থ ফেরত, সব ফি-এর স্বচ্ছ হিসাব প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নিশ্চিত করা।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে পৃথক সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নও। সংগঠনের নেতারা শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম বলেন, ‘সেশন ফি বছরে একবার নেওয়া হয়। এটা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কোন খাতে কত টাকা নেওয়া হবে তা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া। বিষয়টি শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে সেজন্য তাদের সঙ্গে বসে আলোচনা করব।’