পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক যানজট নিরসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ততম পয়েন্টগুলোতে গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে বরিশাল-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এতে ঈদকে কেন্দ্র করে বাড়তি চাপের মধ্যেও সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, রহমতপুর বাসস্ট্যান্ড বরিশাল-ঢাকা মহাসড়কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সড়কের সংযোগকেন্দ্র হওয়ায় বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদের আগে এখানে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। ফলে প্রায়ই দীর্ঘ যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তবে এবার উপজেলা প্রশাসনের তৎপরতায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গ্রাম পুলিশের সদস্যরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহন নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন, ঈদ সামনে রেখে সড়কে মানুষের চাপ স্বাভাবিকভাবেই বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। বিশেষ করে রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় যাতে যানজট সৃষ্টি না হয় এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে প্রশাসনের এই কার্যক্রম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানাই।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তাদের প্রত্যাশা, ঈদের পুরো সময় এ কার্যক্রম অব্যাহত থাকলে ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
এমএইচ