বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবী জামিন পেয়েছেন। সোমবার দুপুরে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তা মঞ্জুর করেন।
এরআগে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস ভাংচুর, সরকারি নথি ও মালামাল বিনষ্ঠ ও বিচারককে ভয়ভীতি প্রদশনসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির হন তারা। তবে ওই মামলায় মিজানুর রহমান রাজু নামের এক আইনজীবীর জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বরিশাল জেলা ও মহানগর বিএনপির অফিসে ভাঙচুর ও বিএনপি নেতা কর্মীদের মারধর করার মামলায় জামিন পান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ। দীর্ঘ দিন পলাতক থাকার পর বরিশাল অতিরিক্ত চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক সারাফাতউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।
২০২৪ এর ৫ আগস্টের পর দীর্ঘ দেড় বছর ধরে তিনি আত্মগোপণে ছিলেন। তার জামিনকে কেন্দ্র করে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এক পর্যায়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাফাতউল্লাহর এজলাসে প্রবেশ করে ব্যাপক হট্টোগোল করে আইনজীবীরা। এসময় এজলাস ভাঙচুর, সরকারি নথি ও মালামাল বিনষ্ঠ ও বিচারককে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ঘটনার পরদিন ২৫ ফেব্রুয়ারি বুধবার কোতয়ালী মডেল থানায় আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ নামধারী ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ওই দিনই বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল আইনজীবী সমিতির এ্যনেক্স ভবনের তৃতীয় তলার একটি কক্ষে থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।