হোম > সারা দেশ > বরিশাল

শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি হাদির পরিবারের

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। একই সঙ্গে ভারতে গ্রেপ্তার হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

সোমবার দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বোন মাসুমা হাদি এসব দাবি জানান।

তিনি বলেন, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে প্রকাশ্য দিবালোকে শহিদ শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালায় শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।

মাসুমা হাদি অভিযোগ করেন, ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা এখনো আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিল করতে পারেনি। এতে পরিবারের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনার পর কীভাবে শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীর দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল সেটিও এখনো রহস্যজনক রয়ে গেছে। তবে গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, অর্থের জোগানদাতা এবং আসামিদের পালিয়ে যেতে সহায়তাকারীদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আন্তর্জাতিকভাবে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিল করা উচিত।

হাদির পরিবারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, দায়সারা কোনো চার্জশিট দেওয়া হলে তা পরিবার ও সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে। বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হলে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় নিহত ওসমান হাদির পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার