বরিশালের বাবুগঞ্জে হত্যার ১২ দিন পর মাহাবুবুল ইসলাম নামে ৫০ বছর বয়সী এক ট্রলারচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সন্ধ্যা নদীর মোল্লার হাট পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুব উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই-ভাতিজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম। নিহতের বড় ভাই জামাল হোসেনের মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্বীকারোক্তিতে গ্রেফতাররা জানান, ট্রলার নেয়ার জন্য মাহাবুবকে হত্যা করা হয়েছে। এরই মধ্যে ওই ট্রলার বিক্রি করে দিয়েছেন তারা।
মামলার বাদী জামাল বলেন, তিন বছর আগে সুজনের সঙ্গে মাহবুবের ছেলের মারামারি হয়। বিষয়টি তখনই মীমাংসা হয়েছিল। এ নিয়ে মনে ক্ষোভ জমিয়ে রাখেন সুজন। গত ৩১ জানুয়ারি রাহুতকাঠি খেয়াঘাট থেকে ওপার যাওয়ার কথা বলে মাহবুবের ট্রলারে ওঠেন সুজন ও তার মামাতো ভাই রিয়াদসহ সাত-আটজন। নদীর মাঝে গেলে মাহবুবকে হত্যা করেন তারা। পরে লাশটি পাথরের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেন।