জনসভায় বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম
সংসদ সদস্য নির্বাচিত হলে নদী ভাঙন রোধে উপকূলীয় জেলা ভোলার বোরহানউদ্দিনে মেরিন ড্রাইভের ন্যায় স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এমপি ও ভোলা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম।
সোমবার তার নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় তিনি এই আশ্বাস দেন৷
নির্বাচনি ইশতেহারে তিনি ভোলার গ্যাস দিয়ে আবাসিক গ্যাস সংযোগ, শিল্প কারখানা স্থাপনসহ ভূমিদস্যুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এলাকায় মহল্লা ও জোন ভিত্তিক ফ্রি ইন্টারনেট সার্ভিস চালু করা, অবৈধ দখলমুক্ত জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেন।
বোরহানউদ্দিন ও দৌলতখানে ২টি পৃথক নির্বাচনি শেষ জনসভায় হাফিজ ইব্রাহিম বলেন, বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিষ্টটের অত্যাচার, লুটপাট আর চাঁদাবাজির কারণে জনগণ অতিষ্ট হয়ে পরেছিল। ফ্যাসিস্টদের বিদায় হলেও তাদের লালিত গুপ্ত বাহিনী সোচ্চার হয়ে এখন মানুষকে বেহেস্তে পাঠাচ্ছে। ঐ বাহিনীটি ৭১ সালে দেশের বিরোধী তা করেছে। জাতির সাথে বেইমানী ও প্রতারণা করেছে। এদের থেকে সাবধান থাকবেন। টাকার বিনিময়ে রাতের আধারে ভোটারদের প্রভাবিত করতেছে।
নির্বাচনী এলাকায় ভোটারবিহীন ও অপরিচিত মুখের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ করেন। তিনি সকলকে সতর্ক থেকে স্থায়ী ২২ দফা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইশতেহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল আলম নাছিম কাজী, বিভিন্ন ইউনিয়নে থেকে আগতো সর্বস্তরের জনগণ।