ড. রেদোয়ান আহমেদ
এলডিপির সাবেক মহাসচিব কুমিল্লা-০৭ চান্দিনা আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, সারা পৃথিবী জানে বাংলাদেশ জানে স্বাধীনতার ঘোষক হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ।
তিনি আজ মঙ্গলবার বিকেলে চান্দিনা উপজেলার খোববাড়িয়া এলাকায় নির্বাচনি সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন, কর্নেল অলির অবদানকে আমি ছোট করবো না, তবে তিনি যেই কথা আজকে এসে জামায়াত নেতার মাধ্যমে সারা জাতিকে জানাতে এসেছেন এটি অত্যন্ত আশ্চর্যজনক। এটি একটি ভ্রান্ত সংবাদ। এসব তো জিয়াউর রহমান জীবিত থাকতে তিনি বলেন নাই এবং এর আগেও আমরা এই ধরনের উক্তি কারো কাছে শুনি নাই।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আই রিভোল্ট বলে বিদ্রোহ করেছিলেন। কর্নেল অলি তখন একজন ক্যাপ্টেন ছিলেন। সেখানে মেজর শওকত ছিলেন, খালেকুজ্জামানও ছিলেন। কর্নেল অলির অনেক সিনিয়র অফিসাররা ছিলেন একই ইউনিটে। সমস্ত কিছুর কৃতিত্ব এখন মৃত্যুর পরে নিতে চাইলে সেটি তো ঠিক হবে না। কর্নেল অলির এই কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ নেই। আমিও জেড ফোর্সে ছিলাম - কর্নেল অলি আমার কোম্পানি কমান্ডার ছিল, আমি স্টুডেন্ট প্লাটুনের কমান্ডার ছিলাম তার অধীনে।
এর আগে নির্বাচনী সভায় গত রেদোয়ান আহমেদ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে গ্রামের সকলকে তাকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম চৌধুরী নোমানের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ অন্যরা।