সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পান ৮২ হাজার ২৩৭ ভোট। এই আসনে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট।
মাত্র ৭ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী। এখানে বিএনপির একক প্রার্থী হলে আসনটি হাতছাড়া হতো না বিএনপির— এমনটাই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। এখানে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী।
বিএনপি আসনটিতে তার ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে গেছে।
১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সর্বমোট ১১২টি কেন্দ্রে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বড় ধরনের কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করায় প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।