চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল চুরখার হাট বাজারে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয় ব্যক্তি আহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখার হাট বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোহাম্মদ হাশেম, মো. জামাল উদ্দিন, মো. শওকত, এনাম মুন্সী, মো. ইসমাইল হোসেন ও মো. ইউসুফ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় একাধিক অস্ত্রধারী দুর্বৃত্ত সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি হয়ে চুরখার হাট বাজারে এসে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দুর্বৃত্তদের ধাওয়া ও আটক করার চেষ্টা করলে অস্ত্রধারীরা গুলি ছোড়ে। এতে ছয় ব্যক্তি আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে জাবেদ নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করেন। খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক সিএনজিচালককে নিজেদের হেফাজতে নেয়।
উপজেলার ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অস্ত্রধারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।