দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ১৫ জন মানব পাচারকারিকে আটক করা হয়।
রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে কোস্ট গার্ড জানতে পারে- সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাত ৩টার দিকে সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ বিশেষ অভিযান চালায়।
অভিযানে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করে ১৫ জন মানব পাচারকারিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তার দাবি, উদ্ধারকারিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে- কয়েকটি সংঘবদ্ধ পাচারকারি চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক মানব পাচারকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া বলেও জানান ওই কর্মকর্তা।