চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় চুরির অভিযোগে আটক এক যুবককে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে।
রোববার দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠসংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জয়নাল (২৬) বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে তাকে আটক করে কয়েকজন ব্যক্তি মারধর করে। পরে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জয়নালকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আজাদ (৩০) ও সমীর (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত কারণ ও মৃত্যুর সঠিক পরিস্থিতি উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।