কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও কোদাল জব্দ এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে মোছারখোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি উজাড় করা এবং ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে পালংখালী ইউনিয়নের অভিযুক্ত সাইফুল ইসলাম ভুট্টোকে (৪২) ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, মোছার খোলা বিট অফিস থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরত্বে বনভূমির একটি বড় অংশ কেটে ফেলায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় সহকারী বন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাহাড়খেকোদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন বলেন, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের কারণে বনভূমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।