খালের নির্ধারিত সীমানার মধ্যে কোনো প্রভাবশালীর প্রভাব খাটাতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালের মালিকানা সরকারের এবং খাল দখলদার যত বড় শক্তিশালীই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এখানে দুর্নীতির কোনো স্থান নেই।
সোমবার দুপুরে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের নির্বাচনি অঙ্গীকার দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে ৫৪টি জেলার ১টি করে খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমৃদ্ধ কৃষি ও উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করে সেই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে এবং আগামী ৬ মাসের মধ্যে ১২০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে মিরসরাইয়ে ৩ কিলোমিটার বামনসুন্দর খাল খননের কাজ উদ্বোধন করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে মিরসরাই উপজেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমি নতুনভাবে চাষাবাদের আওতায় আসবে। এতে বছরে অতিরিক্ত প্রায় ৫ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে পানি সহজে নিষ্কাশন হওয়ায় এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, খাল খননের পর খালের দুই পাড়ে ফলজ ও বনজ গাছ লাগানো হবে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ রোপণের মাধ্যমে কার্বন ক্রেডিট ব্যবস্থার আওতায় বাংলাদেশ অর্থনৈতিক ও পরিবেশগতভাবে উপকৃত হতে পারে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলাম এবং মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরিফ, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।