হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

কায়ছার হামিদ, চট্টগ্রাম

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাড়তি দামের মধ্যে চট্টগ্রামে বেড়েছে রান্নার বিভিন্ন সরঞ্জামের দামও। হাঁড়ি-পাতিল, ফ্রাইপ্যান, রাইস কুকার ও প্রেশার কুকারসহ রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বাড়াতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে সংসারের খরচের চাপও বাড়ছে।

নগরীর মুরাদপুর, মির্জাপুর, মোহাম্মদপুর ও আশপাশের এলাকার দোকান ঘুরে দেখা গেছে, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল আকার ও মানভেদে প্রতি কেজি ৭০০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় পাতিল প্রতি কেজির দাম ৮০০-৮৫০ টাকা। অথচ বছরের শুরুতে ছোট আকারের হাঁড়ি-পাতিল প্রতি কেজি ৫০০-৫৫০ টাকায় বিক্রি হতো। দাম বেড়েছে ৩৬-৫০ শতাংশ পর্যন্ত। এছাড়া আকার ও ব্র্যান্ডভেদে ফ্রাইপ্যান, রাইস কুকার ও প্রেশার কুকারের দাম ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ায় ক্রেতারা আগের চেয়ে বেশি দরদাম করছেন। অনেকে তুলনামূলক কম দামের পণ্য খুঁজছেন। তবে রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম হওয়ায় এসব পণ্য কেনা পুরোপুরি এড়িয়ে যেতে পারছেন না তারা।

রান্নার সরঞ্জাম কিনতে আসা গৃহিণী মনিরা জান্নাত জানান, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দামই বাড়ছে। বাজারে গিয়ে আগে যে টাকায় সংসারের কেনাকাটা করতাম, এখন সেই টাকায় প্রয়োজনীয় সবকিছু কেনা যাচ্ছে না। এর মধ্যে হাঁড়ি-পাতিলসহ রান্নার কাজে ব্যবহৃত ছোট ছোট জিনিসেরও দাম বাড়ছে। এসব জিনিস তো প্রয়োজন হলেই কিনতে হয়; কিন্তু দাম বাড়ায় এখন হিসাব করে খরচ করতে হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, কাঁচামালের মূল্য বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় রান্নাঘরের সরঞ্জাম উৎপাদন ও বাজারজাতকরণের খরচ বাড়ছে। উৎপাদন পর্যায়ের বাড়তি ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত খুচরা বাজারে পড়ছে। ভুঁইয়া ক্রোকারিজের স্বত্বাধিকারী খোরশেদ আলম জানান, উৎপাদনকারীরা দফায় দফায় দাম বাড়াচ্ছেন। ফলে ক্রেতাদের কাছে বাড়তি দামের কারণ ব্যাখ্যা করা ছাড়া তাদের তেমন কিছু করার থাকছে না।

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে অ্যালুমিনিয়াম অ্যালয় বা শংকর ধাতু এবং বাণিজ্যিক মানের অ্যালুমিনিয়াম শিট ও সার্কেল ব্যবহার করা হয়। কারখানায় প্রেস মেশিনের সাহায্যে এসব শিট বা গোলাকার পাতকে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। এছাড়া স্পিনিং পদ্ধতিতেও হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করা হয়। কাঁচামালের দাম ও উৎপাদন ব্যয়ের পরিবর্তন এসব পণ্যের বাজারদরে প্রভাব ফেলেছে।

অ্যালুমিনিয়ামের তৈজসপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স শহীদ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলমগীর কবির বলেন, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্রের দাম বাড়ার অন্যতম কারণ কাঁচামালের মূল্য বৃদ্ধি। পাশাপাশি কারখানায় কাজ করার মতো দক্ষ কারিগর পাওয়া যাচ্ছে না। এতে কখনো কখনো উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে পণ্যের দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন