হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোমতীর বুকে পলো উৎসব, মাছ শিকারিদের মিলনমেলা

এম হাসান, কুমিল্লা

কুমিল্লার গোমতী নদীর বুকে যেন নেমেছিল এক অন্যরকম উৎসবের আবহ। সকাল থেকেই নদীর বিভিন্ন ঘাটে জড়ো হন শত শত জেলে ও স্থানীয় মানুষ। হাতে পলো, চোখে উত্তেজনা, দলবেঁধে শুরু হয় ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার আয়োজন। এ আয়োজন ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে কিশোর থেকে বৃদ্ধ বয়সিরাও যোগ দেন।

গতকাল সোমবার সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মাছ শিকারিরা যোগ দিতে থাকেন এ পলো উৎসবে। চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও সদর উপজেলা থেকে তিন শতাধিক নবীন-প্রবীণ মিলিত হন । বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত দলবেঁধে মাছ ধরেন তারা।

এ জমজমাট আয়োজনে সবচেয়ে বড় চমক দেখান ৮৫ বছর বয়সি প্রবীণ জেলে আবু হানিফ। তিনি হলেন মাছ ধরা দলের সবার সর্দার। প্রায় ৫৫ বছর ধরে মাছ ধরেন তিনি। বয়সের ভারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি পলো দিয়ে ধরেন প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল হলুদ কার্ফ মাছ।

আবু হানিফ জানান, ছোটবেলা থেকেই তিনি পলো দিয়ে মাছ ধরে থাকেন। প্রায় ৫৫-৬০ বছর ধরে মাছ ধরার অভিজ্ঞতা তার। তিনি অসংখ্যবার বড় বড় আকারের মাছ ধরেছেন। নদী থেকে সর্বোচ্চ ৩০ কেজি ওজনের বোয়াল মাছ ধরার অভিজ্ঞতাও রয়েছে তার।

ওমান প্রবাসী চৌদ্দগ্রাম উপজেলার সোহাগ রানা ছুটিতে এসে শামিল হয়েছেন মাছ শিকারের জন্য। নদীতে নামার ১০ মিনিটের মধ্যে পলো দিয়ে শিকার করেছেন ৫ কেজি ওজনের কার্ফ মাছ। তিনি জানান, এত আনন্দ বলে প্রকাশ করা যাবে না। চৌদ্দগ্রাম থেকে আমরা ১০ জন এসেছি মাছ ধরার জন্য।

এছাড়া লালমাই বাগমারা থেকে পলো দিয়ে মাছ ধরতে এসেছেন আতিকুল ইসলাম। তিনি জানান, ৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ পেয়েছি। নদীর মাছের মজাই আলাদা। প্রতি বছর চৈত্র মাসে আমরা নদীতে মাছ ধরতে আসি ।

বছরের বিভিন্ন সময়েই দেখা যায় তাদের এমন মাছ ধরার আয়োজন। বিভিন্ন উপজেলায় দলের প্রতিনিধি থাকেন। সর্দার সব প্রতিনিধিকে নির্দিষ্ট স্থান ও সময় জানিয়ে দিলেই সবাই উপস্থিত হয়ে যান নির্দিষ্ট ঠিকানায়। এভাবেই দীর্ঘদিন ধরে চলছে পলো দিয়ে এমন মাছ ধরা।

এদিকে পলো দিয়ে মাছ ধরার এ ঐতিহ্যবাহী পদ্ধতি শুধু জীবিকার মাধ্যম নয়, বরং গ্রামীণ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। নদীর পানিতে একসঙ্গে নেমে দলবেঁধে মাছ ধরার দৃশ্য যেন গ্রামবাংলার চিরচেনা ঐক্য ও আনন্দের প্রতিচ্ছবি তুলে ধরে।

কুমিল্লায় ছেলের হামলায় বাবার করুণ মৃত্যু

রামগঞ্জে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে, মৃত্যু ৩

চট্টগ্রামে ‘স্বাধীনতা বইমেলা’ উদ্বোধন আজ

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর আটক, পলাতক ১

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে কবিশেখর-তানজিনা

ওসি বদলির পেছনে অদৃশ্য প্রভাবের ইঙ্গিত

আমদানি-রপ্তানি বাণিজ্যে অশনিসংকেত

রামুর কৃষক নাইংক্ষ্যংছড়িতে অপহৃত, মুক্তিপণ দাবি

মতলব দক্ষিণে ফিলিং স্টেশন মালিককে ১ বছরের জেল