নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারে পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তারা।
জানা যায়, জলাবদ্ধতায় হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তমরদ্দি ইউনিয়নের বলিরপোল এবং চরকিং ইউনিয়নের চর বগুলা এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে বিস্কুট, চিড়া, মুড়ি ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি ফিরেছে দুর্গত পরিবারগুলোর মাঝে।
এমই