নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ভূমিধস বিজয়ী করে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এনেছে, সেটি বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, মহান আল্লাহর দয়া ও রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের ক্ষমতায় এসেছে। আমি এলাকার উন্নয়নের মাধ্যমে জনগণের সব সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে আমাকে সার্বিক সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছেন, বিশেষ করে সবার আগে বাংলাদেশ, তার এই স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সবার সহযোগিতা দরকার।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য সহিদুল ইসলাম কিরণ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সাবেক সহসভাপতি ফিরোজ আলম মতিন, বিএনপি নেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জাফর উল্লাহ রাসেল, জসীম উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ওমর ফারুক, আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, আবদুজ্জাহের হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।