কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নুরুল হক (২০) বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল হকের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে লাল রঙের শপিংব্যাগের ভেতরে নীল পলিপ্যাকে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর জব্দ তালিকা প্রস্তুত এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবেশ ও বিস্তার রোধে আমাদের তৎপরতা আরো জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেডএম