টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম মহানগরের পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। নগরের প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে ইতোমধ্যে পানি নেমে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তবে নিচু কিছু এলাকায় এখনও পানি জমে থাকায় দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার চান্দগাঁও এলাকার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
পরিদর্শনের অংশ হিসেবে মেয়র ও সংসদ সদস্য চান্দগাঁও হাজীরপোল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক এলাকা এবং শমসেরপাড়াসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরের প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। তবে নিচু কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। সমস্যার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলোও জলমুক্ত হবে।”
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। পানি নিষ্কাশনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত অপসারণের পাশাপাশি ড্রেন ও খাল সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেক এলাকায় ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। পানি নামতে শুরু করায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও অবশিষ্ট জলাবদ্ধ এলাকাগুলোর বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।