হোম > সারা দেশ > চট্টগ্রাম

সবুজায়ন-সৌন্দর্যবর্ধনে সীতাকুণ্ডে পর্যটনশিল্পের নতুন সম্ভাবনা

জাহিদুল করিম কচি, চট্টগ্রাম

চট্টগ্রামের উপকূলবর্তী সীতাকুণ্ডে অবস্থিত ডিসি পার্ক ও গুলিয়াখালী সি-বিচ দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নের সমন্বয়ে গড়ে ওঠা এ দুই পর্যটন কেন্দ্র ইতোমধ্যে ভ্রমণপিপাসু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি, পর্যটন শিল্প ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গুলিয়াখালী সি-বিচের সৌন্দর্য দেশের প্রচলিত বালুকাময় সৈকত থেকে একেবারে আলাদা। একদিকে দিগন্তজোড়া জলরাশি, অন্যদিকে কেওড়া বন আর মাঝখানে বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচা, প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে পুরো এলাকা। আঁকাবাঁকা ছোট ছোট খাল জোয়ারের পানিতে ভরে সৃষ্টি করে অপার্থিব দৃশ্য।

জোয়ারের সময় পানির স্রোত আর বাতাসের শব্দ মিলিয়ে সৈকতজুড়ে তৈরি হয় শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ। অনেক পর্যটক একে বাংলাদেশের ক্ষুদ্র ম্যানগ্রোভ বনের সৌন্দর্যের প্রতিচ্ছবি বলেও অভিহিত করেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গুলিয়াখালী সৈকতের ২৫৯ দশমিক ১ একর খাসজমি সংরক্ষিত পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নেওয়া হয়েছে বিশেষ মাস্টারপ্ল্যান। উন্নত যোগাযোগব্যবস্থা, আধুনিক হোটেল, মোটেল, রিসোর্ট এবং পর্যটকবান্ধব অবকাঠামো নির্মাণের মাধ্যমে এলাকাটিকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে গুলিয়াখালী ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।

অন্যদিকে, সীতাকুণ্ডের ডিসি পার্কেও চলছে ব্যাপক সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগে চলতি মে মাসজুড়ে ১০ হাজারের বেশি গাছ রোপণ করা হয়েছে। পার্কজুড়ে মোট ৫৪ প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। এর মধ্যে কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া ও বিভিন্ন ফলদ ও বনজ গাছ উল্লেখযোগ্য। আশা করা হচ্ছে, চৈত্র ও বৈশাখ মাসে কৃষ্ণচূড়ার রক্তিম আভা আর সোনালুর হলুদ ফুলে পার্কজুড়ে তৈরি হবে অনন্য নান্দনিক পরিবেশ।

ডিসি পার্ককে আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে তুলতে গাছপালা রোপণের পাশাপাশি যুক্ত করা হয়েছে উন্নত সেচব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তাব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম। পার্কে মৌসুমি ফুল ও ছায়াবৃক্ষ রোপণের ফলে বছরজুড়ে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। পরিবার নিয়ে অবকাশযাপন, শিশুদের বিনোদন ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি হয়ে উঠছে একটি আদর্শ গন্তব্য।

জেলা প্রশাসন সূত্র জানায়, নারায়ণগঞ্জে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির সফল বাস্তবায়নের অভিজ্ঞতা থেকেই চট্টগ্রামে বড় পরিসরে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নগর পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও সহায়ক হবে এ কার্যক্রম।

স্থানীয়রা জানান, উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার এ উদ্যোগ জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও টেকসই নগরায়ণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সীতাকুণ্ডের ডিসি পার্ককে পরিবেশবান্ধব, জলবায়ু সহনশীল ও পর্যটকবান্ধব স্থানে পরিণত করাই জেলা প্রশাসনের মূল লক্ষ্য। পাশাপাশি গুলিয়াখালী সি-বিচকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়েই পর্যটন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পর্যটকরা আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারেন।

জেলা প্রশাসক জানান, মাসব্যাপী কর্মসূচির আওতায় ১০ হাজারের বেশি গাছ রোপণ করা হচ্ছে। ডিসি পার্কজুড়ে ইতোমধ্যে ৫৪ প্রজাতির বৃক্ষ লাগানো হয়েছে। সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পর্যটন বিকাশকে একসঙ্গে এগিয়ে নিতে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

সন্দ্বীপে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে সদর দপ্তরে অভিযোগ

ঘুম থেকে খেলার কথা বলে নিয়ে যায় নির্জন গোডাউনে

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই

সাইকেল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

এবার বায়েজিদে আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন

কুমিল্লায় পুলিশ সুপারের জুতা চুরি, ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

সাঙ্গু তীরে গড়ে উঠছে দেশের অন্যতম আধুনিক টিস্যুকালচার ল্যাব

নোয়াখালীতে বন্দুক ও কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবন্ধী বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে