হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ আবারো সামনে এনেছে রেলপথ মন্ত্রণালয়। দীর্ঘ বিতর্ক, আন্দোলন ও পরিবেশ রক্ষার দাবিতে প্রকল্পটি স্থগিত হওয়ার প্রায় চার বছর পর নতুন করে হাসপাতাল নির্মাণের অনুমোদন দিতে চান বিএনপি সরকারের রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ জন্য তিনি শিগগিরই প্রকল্পস্থল পরিদর্শন করবেন।

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান রুমি সই করা মন্ত্রীর সফরসূচিতে ১৮ এপ্রিল রেলমন্ত্রী চট্টগ্রাম সফরে আসার কথা উল্লেখ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী ১৯ এপ্রিল বিকেল ৪টায় তিনি সিআরবি সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শন করবেন।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী বলেন, ১৮-২১ এপ্রিল মন্ত্রী মহোদয় চট্টগ্রাম সফর করবেন। ১৯ এপ্রিল বিকেল ৪টায় সিআরবির প্রস্তাবিত হাসপাতাল পরিদর্শন করবেন।

রেলপথ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমার দেশকে বলেন, মন্ত্রী সরেজমিন পরিদর্শনের পর সিআরবিতে হাসপাতাল নির্মাণে নীতিগত অনুমোদন দেবেন। প্রস্তুতিও সে অনুযায়ী নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে সরাসরি অবস্থান জানাতে চাননি রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সবুক্তগীন। তিনি বলেন, মন্ত্রী মহোদয়ের সফরসূচি এখনো দেখা হয়নি। দেখে নিশ্চিত করে বলতে পারবো। সিআরবিতে হাসপাতাল পরিদর্শন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

চার বছর আগে আন্দোলনের মুখে স্থগিত হয়েছিল এই প্রকল্প। ২০২২ সালে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একমাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালায়। শিল্প-সংস্কৃতির চট্টগ্রামের কেন্দ্র হিসেবে পরিচিত সিআরবিকে ‘ফুসফুস’ হিসেবে উল্লেখ করে পরিবেশ রক্ষার দাবি তোলেন তারা। পরে প্রবল জনচাপের মুখে রেলপথ মন্ত্রণালয় প্রকল্পটি স্থগিত করে।

পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ইউনাইটেড এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান নিজস্ব বিনিয়োগে হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী, ৫০ বছর পর পুরো স্থাপনাটি রেলওয়ের কাছে হস্তান্তর করার কথা, যা তখন রেলওয়ে হাসপাতাল হিসেবে গণ্য হবে। তবে সিআরবির পরিবর্তে চট্টগ্রামের অন্য কোনো উপযুক্ত স্থানে প্রকল্পটি স্থানান্তরের দাবি জানিয়ে বিভিন্ন সংগঠন আবেদন করেছিল। আন্দোলনের পর রেলপথ মন্ত্রণালয় চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ করে দেয়।

নতুন করে সিআরবিতে হাসপাতাল নির্মাণের অনুমোদনের উদ্যোগ জানা যাওয়ার পর নগরবাসী ও পরিবেশকর্মীদের মধ্যে আবারো আলোচনা শুরু হয়েছে। আন্দোলনে যুক্ত কয়েকজন বলেন, সিআরবির পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সেখানে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ অগ্রহণযোগ্য। তারা মনে করেন, প্রকল্প চালু হলে আবারও জনমত ও আন্দোলন দেখা দিতে পারে।

এমএস

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত পথচারী

২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার